ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

ফেসবুক লাইভে পণ্য বিক্রি বন্ধ হচ্ছে, যা জানালো বিশেষজ্ঞরা

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৬, ২০ আগস্ট ২০২২
ফেসবুক লাইভে পণ্য বিক্রি বন্ধ হচ্ছে, যা জানালো বিশেষজ্ঞরা
ফাইল ছবি

লাইভে পণ্য বিক্রির সুবিধা আগামী ১ অক্টোবরেই বন্ধ করছে ফেসবুক। তবে ফেসবুক লাইভ ও ইভেন্টগুলোতে লাইভ ভিডিও সম্প্রচার করা যাবে, কিন্তু লাইভ ভিডিওর প্লেলিস্টে কোনো পণ্যের ট্যাগ দেওয়া যাবে না। ইনস্টাগ্রাম রিলসে মনযোগ দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে মেটা।

সম্প্রতি এক ব্লগ পোস্টে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, অক্টোবর থেকে কেউ ফেসবুকে লাইভ শপিং ফিচারটি ব্যবহার করতে পারবে না। যদিও বহাল থাকছে ইভেন্টভিত্তিক লাইভ সুবিধা।

ফেসবুকের এমন ঘোষণায় বেশ অস্বস্তিতে পড়েছেন এফ-কমার্সের উদ্যোক্তারা। কারণ খাবার, পোশাক থেকে শুরু করে বাড়ি-গাড়িও বিক্রি হচ্ছে এফ-কমার্সের মাধ্যমে। শুধু  বাংলাদেশেই এফ-কমার্সের বাজারের আর্থিক মূল্য ৩৫০ কোটি টাকার বেশি।

তবে বিষয়টি নিয়ে বাংলাদেশিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন উই-এর প্রেসিডেন্ট ও ই-ক্যাবের যুগ্ম সম্পাদক নাসিমা আক্তার নিশা। তিনি বলেন, ফেসবুকে যেটা বন্ধ হচ্ছে সেই সার্ভিস বাংলাদেশে কখনো ওপেনই হয়নি। কয়েকটি দেশের জন্য ফেসবুক মার্কেটিং লাইভ শুরু হয়েছিল। সেটা বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশে আমরা যে কাপড় সেল করি বা লাইভে কথা বলি সেটা বন্ধ হচ্ছে না।

দু’বছর আগে ফেসবুক লাইভ শপিং ফিচারটি চালু করে। এ ফিচারের মাধ্যমে ক্রেতা-বিক্রেতা লাইভে অর্থাৎ সরাসরি একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারত। এছাড়াও সম্ভাব্য ক্রেতা আকৃষ্টের অনেক বড় একটি প্ল্যাটফর্ম ছিল এ ফিচারটি।

মেটা জানিয়েছে, এখন কেউ বড় বড় লাইভ দেখতে চায় না। গ্রাহক রিলস অর্থাৎ ছোট ভিডিও’র দিকে ঝুঁকছে। এজন্য মেটা ইনস্টাগ্রামের রিলসের দিকে বিশদভাবে নজর দিতে চাচ্ছে। রিলসের মাধ্যমে পণ্য বিক্রি, প্রচার ও ট্যাগ দেয়া যাবে।

২০১৮ সালে চালু হওয়া এ ফিচারটি অনেকের মধ্যেই সাড়া জাগিয়েছিল। যা কয়েক দফা পরীক্ষামূলক ব্যবহারের পরে দু’বছর আগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেও এ বছর এসে ইতি টানছে মেটার দেয়া এ সুবিধা।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!