একসঙ্গে ফুটবল বিশ্বকাপ দেখতে পুরো বাড়িই কিনে নিলেন ১৭ বন্ধু
ফুটবল জ্বরে ভুগছে পুরো বিশ্ব। দূরের কাতার থেকে সৃষ্ট ঢেউ আছড়ে পড়ছে দেশে দেশে। তারই এক নিদর্শন তৈরি হলো ভারতের কেরলার কোচিতে।
ফুটবল তারকারা এখন চর্চার বিষয়। তরকা ফুটবলার মেসি, নেইমার, রোনাল্ডোরা আলোচনায়। আর তাতেই মেতেছে ভারত। ক্রিকেট পাগল এই দেশ এখন ফুটবল জ্বরে ভুগছে। বাংলা, কেরালা এবং গোয়ার ফুটবল প্রেম তো বিশ্ববন্দিত। কাতারের বিশ্বকাপ দেখতে কেরালা থেকে বহু ফুটবলপ্রেমী ভিনদেশে পাড়ি জমিয়েছেন। পাড়ায় পাড়ায় ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা উড়ছে। মেসি, রোনাল্ডোদের কাটআউট লাগানো। যেন তারা ভারতীয়।
এবার সেই কেরালাতেই ফুটবল উন্মাদনার আরো এক নিদর্শন সামনে এলো। একসঙ্গে খেলা দেখার জন্য পুরো বাড়ি কিনে ফেললেন ১৭ জন গ্রামবাসী। তারা সকলেই একে অপরের বন্ধু। কোচির কাছে মুন্ডক্কামুগল গ্রামের ১৭ জন ফুটবলপ্রেমী ২৩ লাখ টাকায় একটি বাড়ি কিনেছেন বলে জানা গিয়েছে। একসঙ্গে হইচই করে খেলা দেখতেই এই উদ্যোগ। সেই বাড়ি সেজে উঠেছে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগালের পতাকা এবং মেসি, রোনাল্ডো, নেইমার, এমবাপেদের ছবিতে।
এদিকে শুধু ১৭ ফুটবলপ্রেমীই নয়, এই বাড়িতে এসে বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে পারবেন মুন্ডক্কামুগল গ্রামের যে কেউ। গ্রামের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গিয়েছে, এই ১৭ জন বিগত ১৫-২০ বছর ধরে একসঙ্গে ফুটবল খেলা দেখে এসেছেন। ফুটবল অন্তপ্রাণ এই ১৭ জন তাই বিশ্বকাপের মৌশুমে ‘খেলাঘর’ কিনে নিলেন।
এই বাড়ি কেনা নিয়ে শফির পিএ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা ফিফা বিশ্বকাপ ২০২২-এর জন্য বিশেষ কিছু করব ভেবেছিলাম। এর মধ্যেই এই বাড়িটির খোঁজ পেয়েছি। বাড়িটি বিক্রি করা হবে জেনে সকলে মিলে তা কিনে ফেললাম।’
খেলা দেখার জন্য একটি বড় টিভিও কেনা হয় বলে জানান তারা।
সূত্র: হিন্দুস্তান টাইমস