উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘রামিসা হত্যা-ধর্ষণ মামলার আসামির পক্ষে লড়বেন জামায়াতের নেতা শিশির মনির’ শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘আমার দেশ’-এর প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, আসামির পক্ষে নয়, রামিসার পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করবেন শিশির মনির।
.png)
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম আমার দেশের লোগো আছে এবং এটি প্রকাশের তারিখ হিসেবে উল্লেখ রয়েছে ২১ মে, ২০২৬।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, আমার দেশের ফেসবুক পেজে গত ২১ মে ‘রামিসা হ/ত্যা-ধ/র্ষণ মামলায় পরিবারের পক্ষে লড়বেন শিশির মনির’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির মিল লক্ষ্য করা যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে আমার দেশের লোগো এবং রামিসার ও শিশির মনিরের ছবি মিল রয়েছে। তবে, উভয়ের ফটোকার্ডে ব্যবহৃত শিরোনামের ভিন্নতা রয়েছে। এছাড়াও আমার দেশের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।
অর্থাৎ, আমার দেশের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত ‘আমার দেশের’ ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, শিশির মনির বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছেন। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বুধবার নিহত রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ঘটনার প্রধান আসামি সোহেল রানা। এ ছাড়া মামলার বিচার দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সূত্রটি।
পরবর্তীতে, শিশির মনিরের ফেসবুক প্রোফাইলে গত ২১ মে প্রকাশিত একটি ফেসবুক পোস্টে লেখেন, ‘শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।’
সুতরাং, শিশির মনির ‘রামিসা হ/ত্যা-ধ/র্ষণ মামলার আসামির পক্ষে লড়বেন’ শীর্ষক শিরোনামে আমার দেশের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।