ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]
মালয়েশিয়া প্রবাসীদের সংবাদ সম্মেলন

আবারও খাস্তগীর ইস্যু, এবার রেমিট্যান্স না পাঠানোর হুমকি

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ১৮:২৭, ১ নভেম্বর ২০২৪
আবারও খাস্তগীর ইস্যু, এবার রেমিট্যান্স না পাঠানোর হুমকি
মালয়েশিয়া প্রবাসীদের সংবাদ সম্মেলন- ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীরের প্রত্যাহার দাবি এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের এমআরপি পাসপোর্ট সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসীরা। এ সময় পাসপোর্ট সংক্রান্ত সিদ্ধান্ত থেকে সরে না এলে রেমিট্যান্স না পাঠানোর হুমকি দেন তারা।

গত ৩০ অক্টোবর কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে প্রবাসী অধিকার পরিষদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রবাসীরা বলেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের একদিনের নোটিশে এমআরপি পাসপোর্টের পরিবর্তে ই-পাসপোর্ট গ্রহণ বাধ্যতামূলক করা এবং মেশিন রিডেবল পাসপোর্ট বন্ধ ঘোষণা করায় ফুঁসে উঠেছে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের বিপদে ফেলে এমন হঠকারী সিদ্ধান্ত গ্রহণ কাদের সুবিধার্থে, সেই প্রশ্ন রাখতে চাই অন্তর্বর্তী সরকারের কাছে।

Advertisement

এ সময় বেআইনিভাবে বিনা টেন্ডারে মালয়েশিয়ার থার্ড পার্টি অফিস ইএসকেএল এবং হাইকমিশনের কিছু কর্মকর্তাদের সমন্বয়ে এমন জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন প্রবাসী অধিকার পরিষদের নেতারা। এর ফলশ্রুতিতে সাধারণ প্রবাসীদের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

তারা আরো বলেন, সঠিক সময়ে পাসপোর্ট না পেয়ে মালয়েশিয়ার বহু প্রবাসী অবৈধ হওয়ার পথে। যারা প্রথম ই-পাসপোর্ট বানাবে তাদের জন্য ই-পাসপোর্ট ঠিক আছে। কিন্তু প্রবাসীদের জন্য কৌশলে এমআরপি শর্টেজ দেখিয়ে ই-পাসপোর্ট বাধ্যতামূলক করা প্রবাসী ও রেমিট্যান্স উভয়ের ওপর বিরূপ প্রভাব পড়বে।

মালয়েশিয়ায় পাসপোর্টের জন্য হাহাকার শুরু হয়েছে উল্লেখ করে তারা বলেন, অনেক প্রবাসী বাংলাদেশি আছেন যাদের এনআইডি বা জন্ম নিবন্ধনের সঙ্গে এমআরপি পাসপোর্টের তথ্য মিল নেই। কারো বয়সের সঙ্গে বা নামের সঙ্গে- নানাবিধ সমস্যা আছে।

লিখিত বক্তব্যে বক্তারা বলেন, মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদকে দ্রুত বাংলাদেশে ফেরত নিয়ে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তিনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংকে একটি অকার্যকর ও অপ্রয়োজনীয় উইং প্রমাণ করে মিশন থেকে পাসপোর্ট ও ভিসা উইংয়ের যাবতীয় কার্যক্রম বন্ধ করে পাসপোর্ট ও ভিসা সার্ভিস ফ্যাসিস্ট সরকারের দোসরদের আউট সোর্সিং প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

তারা আরো অভিযোগ করেন, খাস্তগীর সাবেক ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাসিনা সরকারকে খুশি করতে কাজাং থানায় মামলা করেন এবং আন্দোলনের সঙ্গে জড়িতদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত গ্রহণে দ্রুত পদক্ষেপ নিতে বলেন।

বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় অন্যান্য দেশের মতো মালয়েশিয়ায়ও প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউনের ঘোষণা করে তা বন্ধ রেখেছিল। ডিআইপির এমন হঠকারী সিদ্ধান্ত বাতিল না হলে আবারও মালয়েশিয়ার প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের মতো সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। একই সঙ্গে দ্রুত ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের এমন সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রবাসী অধিকার পরিষদের সভাপতি শাহাজান মিথুন, মো. জাহিদ হাসান, সহ-সভাপতি ফয়সাল শেখ, সহ-সভাপতি আমির হোসেন, সহ-সভাপতি মবিন, সাধারণ সম্পাদক এইচএম হাসান, অর্থ সম্পাদক শিমুল শেখ প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!