গেল বছর শাকিব খানের ‘তুফান’ ছিল বেশ আলোচনায়। সিনেমাটি দেশ ও দেশের বাইরে আলোচনার জন্ম দিয়েছে। তুফান ছাড়া তেমন সাড়া জাগাতে পারেনি অন্য সিনেমা। গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থান ও পরবর্তী কয়েক মাস সিনেমা মুক্তি একেবারে বন্ধ থাকে।
বিদায়ী বছর ঘোষণা এসেছে শুটিংও শেষ কয়েকটি সিনেমার। আবার কয়েকটির শুটিং চলমান। আজকের প্রতিবেদনে রয়েছে নতুন বছরে মুক্তির অপেক্ষায় থাকা সেসব সিনেমা।
.png)
বরবাদ ও তাণ্ডব
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান মানেই এখন ভিন্ন কিছু। ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তির তালিকায় আছে এই নায়কের ‘বরবাদ’ সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে দ্বিতীয়বারের মতো পর্দায় শাকিবের বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটিতে আরো আছেন যিশু সেনগুপ্ত, নুসরাত জাহান ও রিয়া গাঙ্গুলি। এ ছাড়াও শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ নামে আরেকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে এটি মুক্তি পাবে ঈদুল আজহায়। তবে এই ছবির এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শুরু হয়নি শুটিংও। গত বছর এই নায়কের ‘তুফান’ ছিল বেশ আলোচনায়। দেশ ও দেশের বাইরে আলোচনার জন্ম দিয়েছে সিনেমাটি।
জংলি
সিয়াম-বুবলীর ‘জংলি’ সিনেমায় অন্যতম আগ্রহ ছিল সিনেমাপ্রেমীদের। ২০২৪ সালে মুক্তির কথা সিনেমাটির। প্রেক্ষাগৃহে যখন গত ঈদুল ফিতরের ছবি নিয়ে মাতামাতি, তখনই আসে ছবিটির ফার্স্ট লুক পোস্টার। তবে ছবিটি শেষ পর্যন্ত মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমার সিয়ামের বিপরীতে রয়েছেন শবনম বুবলী ও দীঘি। এতে আরো অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। শিগগিরই ছবিটি মুক্তির তারিখ ঘোষণা দেওয়া হবে জানা গেছে।
দাগী

‘সুড়ঙ্গ’র পর ফের ‘দাগী’ হয়ে একসঙ্গে জুটি বাঁধলেন আফরান নিশো ও তমা মির্জা। রোমান্স, ড্রামা ও অ্যাকশন ঘরানায় ‘দাগী’ চলচ্চিত্রটি শিহাব শাহীন পরিচালিত দ্বিতীয় সিনেমা। এতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। চলচ্চিত্রটি ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে।
নীলচক্র
নতুন বছরে মুক্তির তালিকায় রয়েছে আরিফিন শুভ অভিনীত নতুন সিনেমা ‘নীলচক্র’। ক্রাইম ঘরানার এ সিনেমায় জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। এতে মূল আকর্ষণ হিসেবে রয়েছেন সংগীতশিল্পী বালাম। প্রথমবারের মতো দর্শকরা তাকে চলচ্চিত্রে দেখতে পাবেন। শুধু তাই নয়, এই সিনেমাতে তাকে দেখা যাবে খলনায়ক চরিত্রে। নীলচক্র’তে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, দীপান্বিতা মার্টিন, খালেদা আক্তার কল্পনা, প্রিয়ন্তী ঊর্বী, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, মাসুম রেজওয়ান প্রমুখ। পরিচালনা করেছেন মিঠু খান।
নূর ও ঠিকানা বাংলাদেশ
নতুন বছরে মুক্তির তালিকায় রয়েছে আরিফিন শুভ অভিনীত আরেকটি সিনেমা হলো ‘নূর’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটির শুটিং প্রায় পুরোপুরি শেষ। অজ্ঞাত কারণে আটকে রয়েছে ছবিটি। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন ঐশী। চলতি বছরই সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
এছাড়া শুভর আরো একটি ছবি এ বছর মুক্তি পাবে। সেটি হচ্ছে ‘ঠিকানা বাংলাদেশ’। অনম বিশ্বাস পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও ইরফান সাজ্জাদসহ অনেকেই।
সাবা
২০২৫ সালে মুক্তি পাবে মেহজাবীন চৌধুরী অভিনীত মাকসুদ হোসেন পরিচালিত সিনেমা ‘সাবা’। একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনাকে ফুটিয়ে তুলার চেষ্টা করেছেন। এ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। চলতি বছর শুরুর দিকেই চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে। যদিও তারিখ চূড়ান্ত হয়নি।
গেল বছর ২০ ডিসেম্বর মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। দ্বিতীয় সিনেমা ‘সাবা’র জন্য অপেক্ষা থাকবে দর্শকেরা।
কবি
শরিফুল রাজ অভিনীত ‘কবি’ সিনেমাটির শুটিং শুরু হয় গেল বছর। ওই সময় নির্মাতা হাসিবুর রেজা কল্লোল জানিয়েছিলেন, বছরই কোনো এক উৎসবে মুক্তি পাবে ছবিটি। সে লক্ষ্যে ছবিটির ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ করা হয়। ফার্স্ট লুক ব্যতিক্রম হওয়ায় ছবিটির প্রতি আগ্রহ জাগে দর্শকদের। নানা কারণে শুটিং শেষ করতে না পারায় সে বছর মুক্তি দেওয়া সম্ভব হয়নি। সব জটিলতা কাটিয়ে এ বছর মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। এতে রাজের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঈধিকা পাল।
পিনিক
২০২৪- এর একেবারে শেষ সময়ে এসে পিনিক নামে একটি ছবির ঘোষণা দেন আদর আজাদ। লুক পোস্টার ছেড়ে জানিয়ে দেন আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি। প্রথমবার খলচরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলারধর্মী এ সিনেমা পরিচালনা করেছেন জাহিদ জুয়েল।

টগর
নতুন বছর আরো একটি ছবির ঘোষণা দিয়েছেন আদর আজাদ। চলতি বছরের শুরুতেই ফার্স্ট লুক টিজার প্রকাশ করেন। ঘোষণা দেন দেন নতুন বছরে টগর হবে মারকাটারি অ্যাকশনের সিনেমা। অলক হাসান পরিচালিত ছবিটিতে নায়িকা হিসেবে থাকছেন প্রার্থনা ফারদিন দীঘি।
এশা মার্ডার
দুই হাজার চব্বিশের রোজার ঈদেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘এশা মার্ডার– কর্মফল’। সানী সানোয়ার পরিচালিত ছবিটির টিজারও প্রকাশ পেয়েছিল ঈদের ঠিক আগে। টিজারে আজমেরী হক বাঁধনের উপস্থিতি দর্শকদের আগ্রহ তৈরি করেছিল। সেই টিজারেও জানানো হয়েছিল, রোজার ঈদে নয়, কোরবানির ঈদে মুক্তি পাবে। কিন্তু না, ছবিটি আর মুক্তি পায়নি। নির্মাতা জানিয়েছেন চলতি বছর পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় এনে মুক্তির তারিখ জানানো হবে।
রিকশা গার্ল
অমিতাভ রেজা নির্মিত সিনেমা ‘রিকশা গার্ল’। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখিকা মিতালী পারকিন্সের সর্বাধিক বিক্রিত একই শিরোনামের একটি বইয়ের গল্প নিয়ে এটি নির্মিত। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান।
এছাড়া ‘মধ্যবিত্ত’ দিয়ে ঢাকাই সিনেমা যাত্রা শুরু করল ২০২৫ সাল। শুক্রবার (৩ জানুয়ারি) দেশের ১৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন তানভীর হাসান। সিনেমাটিতে মধ্যবিত্ত শ্রেণির জীবন-সংগ্রামের চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত মাসুম আজিজ, ওমর মালিক, এলিনা শাম্মী, শিশির সরদার, মাইশা প্রাপ্তি প্রমুখ।