ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

যেভাবে উত্থান প্রবীর মিত্রের, ঝুলিতে ৪০০ সিনেমা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫, ৬ জানুয়ারি ২০২৫
যেভাবে উত্থান প্রবীর মিত্রের, ঝুলিতে ৪০০ সিনেমা
প্রবীর মিত্র। ছবি: সংগৃহীত

চারশ সিনেমার অভিনেতা প্রবীর মিত্র। ১৯৬৯ সালে এইচ আকবর পরিচালিত জলছবি সিনেমা দিয়ে বড় পর্দায় আসেন তিনি। চলচ্চিত্রটি ১৯৭১ সালে মুক্তি পায়। সিনেমার বাইরে কিছু করেননি এই শিল্পী।

অভিনয় জীবনে কখনও নায়ক, কখনও ভাই, কখনও নেতিবাচক চরিত্র, কখনও বাবা চরিত্রে অভিনয় করেছেন। অভিনয়ে কখনও ভাটা পড়েনি তার। এমনও হয়েছে- একই সময়ে তিন বা চারটি সিনেমায় অভিনয় করেছেন। তিনি তিতাস একটি নদীর নাম, চাবুকসহ কয়েকটি চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। সর্বশেষ প্রধান চরিত্রে অভিনয় করেন রঙিন নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে।

এক সাক্ষাৎকারে প্রবীর মিত্র বলেছিলেন, অভিনয় আমার প্রেম, ধ্যান-জ্ঞান-ভালোবাসা। অভিনয় আমার সবকিছু।

রঙিন নবাব সিরাজদৌলা সিনেমায় তিনি নবাবের চরিত্রে অভিনয় করেছেন। এদেশে নবাব সিরাজদৌলাকে নিয়ে দুটি সিনেমা নির্মিত হয়েছিলো। একটিতে অভিনয় করেছিলেন প্রয়াত আনোয়ার হোসেন। সেটি ছিল সাদাকালো এবং প্রথম নবাব সিরাজদৌলা। অনেক পরে এসে নির্মিত হয়েছিলো রঙিন নবাব সিরাজদৌলা, যেখানে প্রবীর মিত্র অভিনয় করেন।

Advertisement

ঋত্বিক ঘটকের বহুল প্রশংসিত তিতাস একটি নদীর নাম সিনেমায় অভিনয় প্রবীর মিত্রর ক্যারিয়ারে মাইলফলক হয়ে আছে। এই সিনেমাটি তাকে দিয়েছে অন্যরকম খ্যাতি।

তিতাস একটি নদীর নাম সিনেমায় কাজ করার স্মৃতি জানতে চাইলে ওই সময় প্রবীর মিত্র বলেছিলেন, ওখানেও আমাকে নিয়ে যান ফরিদ আলী। ওই সময়ে আমি জীবন তৃষ্ণা সিনেমায় শুটিং করছিলাম। কিছুই জানতাম না। হঠাৎ ফরিদ আলী আমাকে নিয়ে যান ঋত্বিক ঘটকের কাছে। ঋত্বিক ঘটক শুয়ে শুয়ে বই পড়ছিলেন এবং আমাকে দেখছিলেন, কিছুক্ষণ দেখার পর তার কথায় বুঝতে পারি আমাকে তিনি পছন্দ করেছেন।

চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র একসময় ক্রিকেট খেলেছেন ঢাকা ফার্স্ট ডিভিশনে। হকিও খেলেছেন। এ বিষয়ে তিনি বলেন, অভিনেতা হব কখনও ভাবিনি। খেলতে খেলতে জীবন পার করতে চেয়েছিলাম। হঠাৎ অভিনয়টা চুম্বকের মতো টেনে ধরলো। তারপর থেকে অভিনেতাই হয়ে গেলাম।

প্রবীর মিত্র অভিনীত চারশ সিনেমার মধ্যে অনেক সিনেমা সুপারহিট ব্যবসা করেছে। অভিনয় করতে করতে মানুষের মনে গেঁথে গেছেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে কখনও অভিনয় থেকে বিরতিও নেননি। তাকে বলা হয়- ফিল্ম ম্যান।

প্রবীর মিত্রর কিছু উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে-  'ফরিয়াদ', 'রক্ত শপথ', 'চরিত্রহীন', 'জয় পরাজয়', 'অঙ্গার', 'তিতাস একটি নদীর নাম', 'জীবন তৃষ্ণা', 'সেয়ানা', 'জালিয়াত', 'মিন্টু আমার নাম', 'ফকির মজনু শাহ', 'তরুলতা', 'গাঁয়ের ছেলে', 'পুত্রবধূ' 'মধুমিতা', 'অশান্ত ঢেউ', 'অলংকার', 'অনুরাগ', 'প্রতিজ্ঞা' ইত্যাদি।

ঢাকাই সিনেমার প্রবীণ অভিনেতা ‘রঙিন নবাব’ খ্যাত প্রবীর মিত্র (৮৩) আর নেই। রাজধানীর স্কয়ার হাসপাতালে রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যু হয়। এর আগে, গত ২২ ডিসেম্বর থেকে নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন রূপালী পর্দার এই নবাব।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: বিনোদন
লিংক সফলভাবে কপি হয়েছে!