‘রঙিন নবাব’ সিরাজদৌলা সিনেমায় তিনি নবাবের চরিত্রে অভিনয় করেছেন। এদেশে নবাব সিরাজদৌলাকে নিয়ে দুটি সিনেমা নির্মিত হয়েছিল। একটিতে অভিনয় করেছিলেন প্রয়াত আনোয়ার হোসেন। সেটি ছিল সাদাকালো এবং প্রথম নবাব সিরাজদৌলা। অনেক পরে এসে নির্মিত হয়েছিলো রঙিন নবাব সিরাজদৌলা, যেখানে প্রবীর মিত্র অভিনয় করেন।
ঋত্বিক ঘটকের বহুল প্রশংসিত তিতাস একটি নদীর নাম সিনেমায় অভিনয় প্রবীর মিত্রর ক্যারিয়ারে মাইলফলক হয়ে আছে। এই সিনেমাটি তাকে দিয়েছে অন্যরকম খ্যাতি।
.png)
এক সাক্ষাৎকারে প্রবীর মিত্র বলেছিলেন, ওটা ছিলো স্বপ্নের মতো। না চাইতেও বড় কিছু পাওয়ার মতো।
গুণী অভিনেতা প্রবীর মিত্রর জন্ম ১৯৪০ সালের ১৮ আগস্ট চাঁদপুরে। বড় হয়েছেন পুরান ঢাকায়। পোগজ স্কুলে পড়ালেখা করেছেন তিনি। এরপর জগন্নাথ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।স্কুলজীবনে রবীন্দ্রনাথের ডাকঘর নাটকে অভিনয় করেন। সেই যে শুরু হলো- অভিনয় চলতেই থাকে। আরও কিছুদিন পুরান ঢাকায় মঞ্চ নাটকে অভিনয় করেন। সেই সময়ে প্রয়াত অভিনেতা ফরিদ আলীর সঙ্গে পরিচয় ঘটে। ফরিদ আলী প্রবীর মিত্রকে অভিনয়ের সুযোগ করে দেন।
চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র একসময় ক্রিকেট খেলেছেন ঢাকা ফার্স্ট ডিভিশনে। হকিও খেলেছেন। ওই সময় তিনি বলেছিলেন, অভিনেতা হব কখনও ভাবিনি। খেলতে খেলতে জীবন পার করতে চেয়েছিলাম। হঠাৎ অভিনয়টা চুম্বকের মতো টেনে ধরল। তারপর থেকে অভিনেতাই হয়ে গেলাম।

প্রবীর মিত্র অভিনীত চারশ সিনেমার মধ্যে অনেক সিনেমা সুপারহিট ব্যবসা করেছে। অভিনয় করতে করতে মানুষের মনে গেঁথে গেছেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে কখনও অভিনয় থেকে বিরতিও নেননি। তাকে বলা হয়- ফিল্ম ম্যান।
প্রবীর মিত্রর কিছু উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, দুই পয়সার আলতা, রাজলক্ষ্মী শ্রীকান্ত, মিন্টু আমার নাম, নয়নের আলো, পুত্রবধূ, জয় পরাজয়, তীর ভাঙা ঢেউ, জলছবি, জন্ম থেকে জ্বলছি, বড় ভালো লোক ছিলো, চরিত্রহীন, অভাগী, হারানো সুর, দহন, যোগাযোগ ইত্যাদি।
অভিনয় জীবনের এতো বছর পর গত বছর থেকে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন প্রবীর মিত্র। গত ২২ ডিসেম্বর থেকে নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন রূপালী পর্দার এই নবাব। রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যু হয়।
আজ সোমবার (৬ জানুয়ারি) বাদ জোহর এফডিসিতে বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নেয়া হবে চ্যানেলে আইতে, সেখানে আরেক জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।