ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অন্তর্জালে মোহনীয় তাহসানের হবু স্ত্রী রোজা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:২৫, ৪ জানুয়ারি ২০২৫
অন্তর্জালে মোহনীয় তাহসানের হবু স্ত্রী রোজা
রোজা আহমেদ

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে যুক্ত হয়ে বিনোদন জগতে হঠাৎ আলোচনায় আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। তাদের দুজনের বিয়ের খবর এরই মধ্যে ভাইরাল। তাহসান জানিয়েছেন, এখনো বিয়ে না করলেও বিয়ে হবে তাদের।

তাহসানের হবু স্ত্রীর ফেসবুক পেইজে দেখা গেছে একাধিক নজর কাড়া ছবি। বিভিন্ন লুকে ছবি পোস্ট করেছেন রোজা। বর্তমানে তা ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।

এদিকে, শনিবার সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে কনের সঙ্গে ফেসবুকে প্রথম ছবি পোস্ট করেন তাহসান খান। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে হালকা গহনার সঙ্গে শাড়ি পরেছেন রোজা। ম্যাচিং করা পাঞ্জাবি পরেছেন তাহসান। দুজনের মুখের হাসি বলে দিচ্ছে, সময়টা দারুণ কাটছে তাদের।

Advertisement

ছবির ক্যাপশনে তাহসান গানের চারটি লাইন যুক্ত করে দিয়েছেন-
‌‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে
আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?
যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন
ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

অন্যদিকে, বরিশালের মেয়ে রোজা আহমেদ ইনস্টাগ্রামে জানিয়েছিলেন- বরিশাল থেকে যুক্তরাষ্ট্রের যাওয়ার গল্পটা সহজ ছিল না। তার শৈশব কেটেছে বরিশালেই।

উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন এবং নিউ ইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার’। এটি এখন ব্রাইডাল মেকআপ শিল্পের অন্যতম সফল প্রতিষ্ঠান।

দীর্ঘ ১০ বছরের বেশি সময় রোজা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি একজন প্রশিক্ষক হিসেবে নারীদের কসমেটোলজিতে দক্ষ করে তুলছেন এবং তাদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রেরণা দিচ্ছেন। তার ফেসবুক পেজ ‘রোজাস ব্রাইডাল মেকওভার’–এ ৯ লাখেরও বেশি অনুসারী রয়েছে।

রোজা একজন সফল উদ্যোক্তা হলেও তার ব্যক্তিগত জীবন অত্যন্ত সাদামাটা। তিনি ঘোরাঘুরি ভালোবাসেন এবং দেশে থাকতে সাজেক, নাফাখুম, রাঙামাটি ঘুরে বেড়িয়েছেন। তিনি রান্নায়ও পারদর্শী। চুইঝাল থেকে শুরু করে কাঁকড়ার মতো নানা পদের খাবার তৈরি করেন।

রোজার সঙ্গে ছবি ভাইরাল হলে তাহসান বলেন, অন্তর্জালে ভাইরাল ছবিগুলো একটি ঘরোয়া আয়োজনে তোলা। এখনো বিয়ে হয়নি। বিয়ের কোনো আনুষ্ঠানিকতাও হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!