প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের এই জনপ্রিয়তাকে পুঁজি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র বলে অভিযোগ এনেছে প্রতিষ্ঠানটি। যা তাদের নজরে এসেছে উল্লেখ্য করে তাদের অফিসিয়াল ফেইসবুকে একটি নোটিশও দিয়েছে ইতোমধ্যে।
নোটিশে আলফা আই স্টুডিওস থেকে জানানো হয়, আলফা আই স্টুডিওস অত্যন্ত সম্মানিত এবং স্বনামধন্য মিডিয়া প্রোডাকশন কোম্পানি যা টিভি কনটেন্ট, ওটিটি কনটেন্ট, নাটক এবং সিনেমা প্রযোজনার জন্য পরিচিত। সম্প্রতি আমাদের নজরে এসেছে যে কিছু প্রতারক ব্যক্তি আমাদের পক্ষে মিডিয়ায় কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করছে। এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
.png)
প্রযোজনা প্রতিষ্ঠানটির স্পষ্ট বক্তব্য তারা কাজের জন্য কখনও এই ধরনের যোগাযোগ করে না। এই ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে সতর্ক থাকা ও প্রতারণার স্বীকার হলে নিকটস্থ থানায় বা আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করার অনুরোধ জানায় প্রযোজনা প্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে আলফা আইয়ের জনসংযোগ কর্মকর্তা সাকিব সৌখিন বলেন, আলফা আইয়ের সিনেমায়, নাটকে কাজের সুযোগ দেওয়া হচ্ছে— এরকম মেইল ফেইক ইমেইল অ্যাকাউন্ট থেকে বিভিন্ন আর্টিস্টদের পাঠানো হচ্ছে। কয়েকজন অভিনয়শিল্পীদের কাছ থেকে এরইমধ্যে কয়েকটি স্ক্রিনশট আমরা পেয়েছি। যেহেতু আলফা আই এখন ভালো কাজ করছে সেহেতু মেইল পেয়ে অনেকেই উৎসাহী হয়ে উত্তর দিচ্ছেন। কিন্তু আমরা এ ঘটনার সঙ্গে জড়িত না। তাছাড়া আমরা চাইও না এরকম প্রতারণার কেউ শিকার হোক। কিংবা কেউ যেন বলতে না পারে যে আলফা আই মেইল পাঠিয়ে আর্টিস্ট নিচ্ছে না কিংবা যোগায্যোগ করছে না। সেকারণেই আমাদের পেজ থেকে নোটিশের মাধ্যমে সবাইকে সতর্ক করার পাশাপাশি নিজেদের অবস্থান পরিষ্কার করেছি।
তিনি আরো জানান, প্রথমত সকলকে সতর্ক করতে আফিসিয়ালি নোটিশটি দেওয়া হয়েছে। এছাড়া যেসব অ্যাকাউন্ট থেকে মেইল পাঠানো হয়েছে সেগুলো সংগ্রহ করা হচ্ছে। সেগুলো নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।