ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

তারকাদের ঈদ উদযাপন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯, ১১ এপ্রিল ২০২৪
তারকাদের ঈদ উদযাপন
ফাইল ছবি

ঈদ মানে আনন্দ। সাধারণ মানুষ তো বটেই, ঈদের এই আনন্দ বয়ে যায় তারকাদের মনেও। এ উপলক্ষে তাদেরও থাকে নিজস্ব পরিকল্পনা। শত ব্যস্ততার মধ্যেও তারা এ সময় পরিবারের সঙ্গে কাটান। দেখা হয় আত্মীয়, বন্ধুদের সঙ্গে। ঘরোয়া হাসি-আড্ডায় কাটে ঈদের সময়টুকু। অনেকে আবার অবকাশ যাপনে পাড়ি জমান দূর দেশে।

দেশের শোবিজ অঙ্গনের অধিকাংশ তারকার ঈদ কাটে প্রিয়জনদের সঙ্গে। কেউ কেউ আবার ব্যস্ত থাকেন প্রেক্ষাগৃহে নিজেদের সিনেমার মুক্তি নিয়ে। এদের মধ্যে সবার উপরেই থাকবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নাম। 

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই তারকার ‘রাজকুমার’ সিনেমা। যে কারণে ঈদের দিন গুলশানে নিজ বাড়িতেই আছেন শাকিব। সেখানেই সময় কাটাবেন পরিবারের মানুষদের সঙ্গে।

Advertisement

ঈদের দিন এই নায়ক প্রেক্ষাগৃহে হাজির হয়ে ‘রাজকুমার’ সিনেমা দেখবেন কি না বা ভক্তদের ধরা দিবেন কিনা সেটা চমক হিসেবেই রাখতে চেয়েছেন সকলের জন্য।

শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসও এবারের ঈদ ঢাকাতেই উদযাপন করবেন। কয়েকদিন আগেই ভারত থেকে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। বর্তমানে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে নিজের বাড়িতেই অবস্থান করছেন। ঈদের দিন ছেলেকে নিয়ে শাকিবের বাড়িতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নায়িকার।

এবারের ঈদে দুইটি সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে ‘দেয়ালের দেশ’ ও সাইমন সাদিক, জিয়াউল রোশান ও আনিসুর রহমান মিলনের সঙ্গে ‘মায়া: দ্য লাভ’ নিয়ে পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেত্রী। ফলে বুবলীর ঈদ কাটবে সিনেমার প্রচারণার ব্যস্ততাকে কেন্দ্র করেই। ঈদের দিন ঢাকার কিছু প্রেক্ষাগৃহে হাজির হওয়ার কথা রয়েছে নায়িকার।

ঢালিউডের আরেক জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম ঈদ উদযাপনে পরিবারের সকল সদস্যদের নিয়ে উড়াল দিয়েছেন সিঙ্গাপুরে। সেখানেই এবারের ঈদ পালন করছেন তিনি। যেহেতু এই ঈদে নায়িকার কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না, ফলে ঈদের সময়টুকু পরিবারকেই দিতে চেয়েছেন মিম।

এবারের ঈদ ঢাকাতে ছেলে ফারিশকে নিয়েই উদযাপন করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। উত্তরাতে নিজ বাসাতেই ঈদের সকালের শুরুটা করবেন অভিনেত্রী। মাহি বলেন, এবারের ঈদ ঢাকাতেই করছি। আমার একমাত্র ছেলে ফারিশকে নিয়ে ঈদটি ভালো কাটবে বলে প্রত্যাশা করছি। তবে যেহেতু আমি এখন সিঙ্গেল মাদার, তাই ঈদটিও এবার একটু অন্যরকম হবে।

ঈদের ঠিক দুইদিন আগে কলকাতা থেকে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। সেখানে সিনেমার শুটিংয়ের কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন তিনি। পরী জানালেন, ঈদের দিন ঢাকাতেই থাকবেন তিনি। এরপরে গ্রামের বাড়ি বরিশালে যেতে পারেন।

ঈদ প্রসঙ্গে পরীমনি বলেন, আমার ঈদ এখন একমাত্র পুত্র রাজ্যকে ঘিরে। ওর জন্য অনেক আগে থেকেই শপিং করা শুরু করেছি। মা-ছেলে মিলে খুব ভালো একটি ঈদ পার করার ইচ্ছা এবার।

এবারের ঈদ ঢাকায় নিজ বাসাতে ও বন্ধুদের সঙ্গে কাটাবেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এই নায়িকা জানালেন, ঈদের দিনের সব রান্না আমিই করি। কেবল রান্নাবান্না নয়, ঘর গোছানো থেকে শুরু করে ঈদের দিনের সব কাজ একাই সামলাই বলা যায়! বাসায় বন্ধুরা আসে। তাদের নিয়ে আড্ডা দেই, খাওয়া-দাওয়া করি।

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের ঈদ কাটবে ঢাকাতেই। এই ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সোনার চড়’ সিনেমা। ঈদের দিন নিজ সিনেমা দেখতে লায়ন সিনেমাস ও ব্লকবাস্টার সিনেমাসে হাজির হতে পারেন এই নায়ক।

জায়েদ খান বলেন, ঈদের শুরুটা ঢাকাতেই করবো। ভাই-বোনদের সঙ্গে দেখা করব। এরপর প্রেক্ষাগৃহে হাজির হতে পারি। ঈদের দুইদিন পর গ্রামে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রতি ঈদে গ্রামের বাড়ি চলে যান চিত্রনায়ক সাইমন সাদিক। এবারও সেটাই করছেন। এই নায়ক বলেন, ঈদ সবসময় আমার প্রাণের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে করার চেষ্টা করি। আমার গ্রামকে আমি কলিজার গ্রাম বলে ডাকি। এবারও ইনশাআল্লাহ্ পরিবার ও বন্ধুদের নিয়ে খুব ভালো একটি ঈদ পার করবো।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!