সভায় চিত্রনায়িকা ও বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলেন, আমরা অনেক জটিল কাজের সমাধানের চেষ্টা করেছি এবং অনেক সফলতাও পেয়েছি। কাজ করতে করতে ভুলত্রুটি হয়ে থাকে। সেজন্য ক্ষমাপ্রার্থী। তবে সেগুলো উপেক্ষা করে সামনের দিনগুলোতে আরো কাজ করতে চাই। প্রাণের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
কাকে নিয়ে এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিপুণ বলেন, আপাতত বার্ষিক বনভোজন ২০২৪ সবাই মিলে উপস্থিত হয়েছি। আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা যেন আমরা সবাই ভালো থাকতে পারি।
.png)
পিকনিকের আগে দ্বি-সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদনে ৯নং একটি বার্তায় জায়েদ খানের সদস্যপদ বাতিলের ঘোষণা দেন। সেখানে তিনি আরো জানান, কোনো সাংগঠনিক দুর্বলতা না পেয়ে জায়েদ খান ব্যক্তিগত আক্রোশ ধারাবাহিকভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ কল্পকাহিনী সাংবাদিক সম্মেলন, ইউটিউব, ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় গত বছর এপ্রিলের দুই তারিখে সভায় সর্বসম্মতিক্রমে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয় বলে অবগত করা হয়।
এছাড়াও পিকনিক নিয়ে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক চিত্রনায়িকা সৈয়দা কামরুন নাহার শাহনূর বলেন, লোকজন আসতে শুরু করেছেন। চেষ্টা করেছি সবাইকে নিয়ে এ আয়োজন সফল করতে। পুনরায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কথা বললে শাহনূর জানান, নির্বাচনের বিষয়ে কথা নয়। আজকে সবাইকে নিয়ে পিকনিকে আনন্দ উল্লাসে মাতিয়ে থাকার দিন।