সিরিজের নাম ‘মোবারকনামা’। নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল। রবিবার (৩ ডিসেম্বর) রাতে সিরিজটির প্রমো হিসেবে মোশাররফ করিমের একটি বার্তা প্রকাশ করেছে সিরিজটির প্ল্যাটফর্ম হইচই। যেখানে নিজের চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন মোশাররফ।
সাবলীল ভঙ্গিমায় বললেন, ‘আমার নাম মোবারক হোসেন ভুঁইয়া। আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। পেশায় আইনজীবী। মানুষের জীবনে ভালো-মন্দের সঙ্গে, সত্য-মিথ্যার সঙ্গে পরিচয় শিশুকালেই হয়ে থাকে; আব্বা-আম্মার হাত ধরে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, কিন্তু একটু অন্যভাবে।’
.png)
মোবারক হয়ে মোশাররফ বলেন, ‘কতটা শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে আমি দাঁড়াচ্ছি, সেটা আসল বিষয় না। আমি সত্যের পক্ষে আছি কিনা, সেটাই আসল বিষয়। সারাটা জীবন আমি সত্যকে অবলম্বন করে চলেছি, সত্যই আমাকে এগিয়ে নিয়েছে।’
এই বার্তার ফাঁকে সিরিজের কিছু দৃশ্যও যোগ করা হয়েছে। যেটা দেখে আঁচ করা যায়, আইনজীবী চরিত্রে মোবারকের অসামান্য লড়াইয়ের গল্প উঠে আসছে এতে। সিরিজটিতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন শবনম ফারিয়া, শাহনাজ সুমিসহ আরও অনেকে। জানা গেছে, ‘মোবারকনামা’ নির্মিত হয়েছে ৮ পর্বে। আগামী ২১ ডিসেম্বর এটি ভারতের ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাবে।