ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শেষ সময়ে যেভাবে দিন কাটাতেন অভিনেতা ফারুক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:০১, ১৫ মে ২০২৩
শেষ সময়ে যেভাবে দিন কাটাতেন অভিনেতা ফারুক
স্ত্রী ফারহানা-ফারুক

না ফেরার দেশে চলে গেলেন ঢালিউডের মিয়াভাই খ্যাত অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৫ মে) সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে শরত। তিনি জানান, ফারুকের মরদেহ মঙ্গলবার ভোরের ফ্লাইটে দেশে আনা হবে।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত দুই বছর ধরে চিকিৎসা নিচ্ছিলেন বরেণ্য অভিনেতা। শেষ সময়ে হাসপাতালে কাটানো সময় নিয়ে তার স্ত্রী ফারহানা পাঠান গণমাদ্যমকে বলেন,  ‘আমি সারাক্ষণই ফারুকের সঙ্গে ছায়ার মতো ছিলাম আমি। দুইজন গল্প করেছি। এ জন্য সবসময় সে খোশমেজাজেই থাকতেন। ইবাদত-বন্দেগি করে সময় কেটেছে তার। কিছু সময় ঘুমিয়ে কেটেছে। অনেকেই ফোন করে খোঁজ-খবর নিয়েছেন। দেশের মানুষ ফারুককে কত ভালোবাসেন তা প্রতিনিয়ত ফোন পেয়ে বুঝছি। মাঝেমধ্যে এলাকার মানুষের সঙ্গে অল্পস্বল্প কথা বলতেন।’

Advertisement

তিনি আরও বলেন, ‘দেশে আসার জন্য ফারুক উদগ্রীব ছিলেন। জমে আছে সংসদীয় এলাকার অনেক কাজকর্ম। দেশে ফিরে কাজগুলো সারবেন বলেছিলেন।’

২০২১ সালের ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যান অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের নানা সমস্যায় ভুগছিলেন তিনি। ছিল পুরোনো বেশ কিছু শারীরিক জটিলতাও। 

১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৭১ সালে ঢাকাই সিনেমার তার অভিষেক হয়। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন কবরী। এরপর ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র খান আতাউর রহমানের পরিচালনায় ‘আবার তোরা মানুষ হ’ ও ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’ এ দুটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি।

পাঁচ দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অভিনয় করেন বহু দর্শকপ্রিয় চলচ্চিত্রে। ‘মিয়াভাই’ চলচ্চিত্রের সাফল্যের পর তিনি চলচ্চিত্রাঙ্গনে ‘মিয়াভাই’ হিসেবে খ্যাতি পান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হন এই নন্দিত চিত্রনায়ক। অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!