ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

হোটেল থেকে হলিউড অভিনেত্রীর বিয়ের আংটি চুরি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৫, ১২ মে ২০২৩
হোটেল থেকে হলিউড অভিনেত্রীর বিয়ের আংটি চুরি
হলিউড তারকা লিলি কলিন্স- ফাইল ফটো

বিয়ের আংটি চুরি হয়েছে জনপ্রিয় হলিউড তারকা লিলি কলিন্সের। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি নামী হোটেলে ঘটে এ ঘটনা। স্পা-তে যাওয়ার আগে নিজের বিয়ের আংটি খুলে রেখে গিয়েছিলেন হোটেল লকারে। স্পা শেষ করে লকারে গিয়ে দেখেন আংটি নেই অর্থাৎ চুরি হয়ে গেছে।

ঘটনার পর থেকে প্রায় দিশেহারা এ অভিনেত্রী।

রোজ় কাট হিরা দিয়ে বানানো এই আংটির ওজন ছিল প্রায় তিন ক্যারেট। লিলির স্বামী, হলিউড চলচ্চিত্র পরিচালক চার্লি ম্যাকডাওয়েল নিজের নকশায় বানিয়েছিলেন এ আংটি। আংটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ লাখ টাকা।

Advertisement

অভিনেত্রীকে এ আংটি পরিয়েই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন চার্লি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গোলাপি রঙের আভায় তৈরি এই আংটির ছবিও দিয়েছিলেন লিলি। শুধু বিয়ের আংটি নয়, সঙ্গে আরো একটি আংটিও রেখেছিলেন এ অভিনেত্রী। দুটো আংটিই চুরি হয়ে গেছে।

ঐ হোটেলে থাকাকালীন স্পা-তে যাওয়ার আগে আংটিগুলো খুলেছিলেন লিলি। রেখে গিয়েছিলেন নিরাপদ সিন্দুকেই। তা সত্ত্বেও কীভাবে চুরি হল আংটি দু’টি, তা খতিয়ে দেখছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার খবর অনুযায়ী কোনো বহিরাগতকে হোটেলে ঢুকতে দেখা যায়নি। পুলিশের সন্দেহ, হোটেলের ভেতরের কেউ এ চুরির নেপথ্যে রয়েছেন।

২০১৯ সালে হলিউড পরিচালক চার্লি ম্যাকডাওয়েলের সঙ্গে প্রেম শুরু হয় এই অভিনেত্রীর। ২০২০ সালে দুজনের মধ্যে আংটি বদল হয় এবং একটি সম্পর্কের শেষ পরিণতি বিয়ের মাধ্যমে ২০২১ সালে এ জুটি তাদের সংসার জীবন শুরু করেন।

লিলি জেন কলিন্স একজন ব্রিটিশ-মার্কিন অভিনেত্রী, মডেল ও লেখিকা। তিনি ইংরেজ সংগীতজ্ঞ ফিল কলিন্সের কন্যা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!