ঈদের দিন কিভাবে কাটবে জানতে চাইলে নীল বললেন, সকালে গোসল সেরে নতুন জামা– কাপড় পরবো। ঈদের সেমাই খেয়ে দুপুরে বন্ধুদের সঙ্গে বের হবো। তাদের বাসায় যাব। আর রাতে আইপিএল– এর শো আছে। সেটা সঞ্চালনা করবো।
রমজান মাসে নীল ব্যস্ত ছিলেন রান্নার শো নিয়ে। তিনি বললেন, এবার কুকিং শো করেছি পুরো রমজান জুড়ে। এনটিভি, আরটিভি ও প্রথম আলো ডিজিটালে তিনটি কুকিং শো করলাম। আরটিভিতে করেছি ‘হেলদি ইফতার’, এনটিভিতে ‘রমজানে সেরা রাঁধুনিদের আপ্যায়ন’ এবং প্রথম আলো ডিজিটালে স্পেশাল রান্নার শো করেছি।
.png)
নীল যোগ করে আরো বলেন, ইচ্ছা করে অনেক শো করিনি। চাপ নিয়ে কাজ করতে চাইনি এবার। এর বাইরে চাঁদ রাতে এনটিভিতে একটি শো আছে। মাইটিভিতে রেগুলার শো ঈদের আমেজে করেছি।
নীল জানালেন কুকিং শো করতে গিয়ে অনেক রান্না শিখে গেছেন। তার ভাষ্য, আমি রান্না খুব একটা করি না। ঈদে ডেজার্ট বানাবো। আসলে রান্নার শো করতে গিয়ে রান্না করা শিখে গেছি। তা ছাড়া কুকিং শো– তে নিজে রান্না করতে হয় অনেক সময়।
নীল ছোটবেলার ঈদ মিস করেন। সে প্রসঙ্গে বললেন, ছোটবেলায় মফস্বলে সরকারি কোয়ার্টারে থাকতাম। সকাল সকাল উঠে পড়তাম। নতুন জামা পরে ঘুরতে যেতাম। ঈদগাহেও যাওয়া হতো। খুব মজার দিন ছিলো।
ঈদ এলে সালামির প্রসঙ্গ চলে আসে। নীল এ বিষয়ে জানালেন, এখন আমি নিজেই সালামি দিয়ে থাকি। ছোটদের সালামি দিতে হয়। বন্ধুদের অনেকের বাচ্চা হয়ে গেছে, ওদেরকে দেই।
কাজের বিষয়ে জানতে চাইলে নীল বললেন, এবার কোনো নাটকে কাজ করিনি। শুধুমাত্র সঞ্চালনার কাজ করেছি। ওটিটির ব্যাপারে কথাবার্তা প্রায়ই হয়। সবকিছু মিলে গেলে কাজ করতেও পারি।