তারকাশিল্পীরা ওটিটির দিকে ঝুঁকছেন। বিভিন্ন সময়ে তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ওটিটির কাজ সময় নিয়ে করা হয়। একটি চরিত্রকে ধারণের সময় পাওয়া যায়। কাজের বাজেট থাকে পর্যাপ্ত। ফলে কাজের মান বেড়ে যায়। অন্যদিকে টেলিভিশন নাটক দ্রুত শেষ করা হয়। বাজেট অপর্যাপ্ত থাকে। তাই মানের ব্যাপারে প্রশ্ন থেকেই যায়। জনপ্রিয় তারকারা এজন্য টেলিভিশন নাটকের চেয়ে ওটিটিতে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, সর্বাধিক নাটকে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। তাকে প্রায় ৩০টির মতো নাটকে দেখা যাবে এবার ঈদে। গণমাধ্যমে দেয়া এক মন্তব্যে অপূর্ব বলেন, গতবার ঈদে আরো বেশি নাটক ছিল। এবারো অনেক চিত্রনাট্য হাতে পেয়েছি। কিন্তু সব তো করা সম্ভব নয়। যেগুলো করেছি, এখনো করছি, একেবারেই বেছে বেছে।
.png)
আরেক জনপ্রিয় তারকা আফরান নিশো এবার ছোটপর্দায় থাকছেন না। তিনি ব্যস্ত আছেন সিনেমার কাজে। মোশাররফ করিম চমক দেখিয়েছেন আশফাক নিপুণ পরিচালিত ‘মহানগর ২’ ওয়েব সিরিজে। ঈদে তাকে দেখা যাবে ১৫টি নাটকে।
চঞ্চল চৌধুরীকে এই ঈদে মাত্র দুটি খণ্ড ধারাবাহিক ও একটি টেলিছবিতে দেখা যাবে। তিনি গণমাধ্যমে বলেন, বাজেট থেকে শুরু করে নানা কারণে এখন টেলিভিশনে অনেক নাটকে কাজ করা কঠিন হয়ে যাচ্ছে। যেখানেই কাজ করি, ভালো কাজ করতে হবে। টেলিভিশনে সেই জায়গা মনে হচ্ছে দিন দিন ছোট হয়ে আসছে। ওটিটিতে ভালো কাজের যে ধরনের সুযোগ-সুবিধা আছে, টেলিভিশনে সেটি হচ্ছে না। ওটিটিতে প্রশংসিত কাজ করার পর টেলিভিশনে সেই জায়গা না থাকলে তো নিজের ক্যারিয়ারের জন্য সমস্যা।
জানা যায়, অন্যান্য তারকার মাঝে তাহসান, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা এবারো নাটকে সময় দিয়েছেন কম। ফলে কমসংখ্যক ঈদের নাটকে দেখা যাবে তাদের। মাতৃত্বকালীন ছুটিতে থাকায় এখনো শুটিংয়ে ফেরেননি নুসরাত ইমরোজ তিশা। রাফিয়াত রশিদ মিথিলা নাটক মাঝে মধ্যে করেন। এবার তিনি তাতেও নেই। তাকে দেখা যাবে ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ – এ।
পুরনো তারকাদের অনুপস্থিতিতে নতুনদের প্রাধান্য দিয়েছেন নাটক সংশ্লিষ্টরা। সেজন্য এবারের নাটকে আধিপত্য বিস্তার করবেন নবীন অভিনয়শিল্পীরা। সে তালিকায় আছেন আরশ খান, সামিরা খান মাহি, জাহের আলভী, নিশাত প্রিয়ম, জান্নাতুল সুমাইয়া হিমি, তানজিম সাইয়ারা তটিনী, রুকাইয়া জাহান চমক, মাখনুন সুলতানা মাহিমা, কেয়া পায়েল, রোদসী সিদ্দিকা, সাদিয়া আয়মান প্রমুখ। আগামীর এ তারকারা ছাড়াও বিভিন্ন নাটকে দেখা যাবে নিলয় আলমগীর, খায়রুল বাসার, ফারহান আহমেদ জোভান, মুশফিক ফারহান, শামীম হাসান সরকারদের।
সংশ্লিষ্টরা মনে করেন অভিনয়গুণেই নবীন শিল্পীরা দর্শকের পছন্দের তালিকায় থাকছেন। এ ধারা অব্যাহত থাকলে আগামী দিনে দেখা মিলবে একঝাঁক তরুণের। যারাই প্রাধান্য বিস্তার করবেন টেলিভিশন নাটকে। পাশাপাশি জনপ্রিয় তারকারাও থাকবেন। সবমিলিয়ে নাটকের সুদিন অপেক্ষা করছে এ ব্যাপারে মতামত দিয়েছেন বোদ্ধারা।
“টি”