সম্পর্ক ভাঙল রোহান-সৃজলার
তৃতীয় কারও জন্য নয়, নিজেদের ব্যক্তিগত সমস্যার কারণেই রোহান ভট্টাচার্য ও সৃজলা গুহের প্রায় পাঁচ বছরে দীর্ঘ সম্পর্ক ভেঙে গেছে। দু’জনেই আলাদা হয়ে যাওয়ার খবর ভারতীয় একটি গণমাধ্যমের কাছে স্বীকার করেছে।
যদিও এমন গুঞ্জন কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল। তবে বিষয়টিকে কিছুদিন আগেও রটনা বলেই উড়িয়ে দিয়েছিলেন রোহান। কিন্তু রোববার (১ মে) রাখঢাক না রেখেই ব্রেকআপের খবর ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ‘অপরাজিতা অপু’র দীপু।
তাদের এ সম্পর্ক ভাঙার কারণ হিসেবে স্টার জলসার মঞ্চে ‘টিপ টিপ বারসা পানি’ কি কোনো নতুন সম্পর্কের জন্ম দিয়েছে এমন প্রশ্নের জবাবে সৃজলা জানান, শন বন্দোপাধ্যায়ের বদলে তাতে অন্য কেউ থাকলেও একই গল্প ছড়াত। আমরা আমাদের কাজ করেছি মাত্র।
রোহন এবং সৃজলার আরও দাবি, মিথ্যা গুঞ্জন ছড়ানো হয়েছে শন বন্দোপাধ্যায়ের নামে। এই বিচ্ছেদের সঙ্গে কোনও ভাবেই তিনি জড়িত নন।
তাদের এ সম্পর্ক ভাঙার বিষয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে রোহান লিখেছেন, আমি আর সৃজলা যদি আলাদা হয়ে থাকি তাহলে সেটা একদমই আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি নেই। আমরা দুজন দুজনকে সম্মান করি, আর তার যথেষ্ট কারণ আছে। প্লিজ এই আলাদা হওয়ার কারণ হিসেবে তৃতীয় কারোর নাম জড়াবেন না। কারণ আমাদের নিজেদের অনেকদিনের অনেকরকম প্রবলেমের কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই সময়টা আমাদের দুজনের জন্য খুব কঠিন। আশা করি সেটা বুঝে আমাদের তেমনভাবেই স্পেস দেওয়া হবে।
মন ফাগুন এর পিহু হয়ে উঠবার আগে টেলিপাড়ায় সৃজলার পরিচিতি ছিল রোহানের গার্লফ্রেন্ড হিসেবেই। পেশায় মডেল সৃজলা। মন ফাগুনএর মাধ্যমেই তার ছোটপর্দায় অভিষেক। বর্তমানে বাংলা টেলিভিশনের হার্টথ্রব অভিনেত্রী তিনি।