হবু স্বামী প্রসেনজিতের সঙ্গে দেখা করতে তার বাড়ি ছুটলেন ঋতুপর্ণা
গত সোমবার নিজেদের বিয়ের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তারা। ‘সবিনয় নিবেদন’ লেখা বিয়ের নিমন্ত্রণপত্র শেয়ার করেছিলেন নেটমাধ্যমে। তাতে লেখা, ‘বিগত তিন দশকেরও বেশি সময় একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’।
বিয়ের আগে মুখোমুখি হলেন পাত্র-পাত্রী। বিয়ে স্থির হয়েছে ঠিকই, কিন্তু দিনক্ষণ পাকা হয়নি। তাই কবে দেখা হবে, সেই ভরসায় না থেকে সোজা হবু স্বামী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির কড়া নাড়লেন কনে ঋতুপর্ণা সেনগুপ্ত। শুভদৃষ্টি সারলেন টলিউডের প্রথম সারির দুই তারকা।
রোববার সকাল সকাল সেই ছবি পোস্ট করে ভক্তদের উৎফুল্ল করলেন ‘বাংলার ইন্ডাস্ট্রি’। এক ফ্রেমে ৯০ দশকের স্মৃতি। নায়িকার কোলে নায়কের পোষ্য রকি। ছবির নীচে প্রসেনজিৎ লিখেছেন,‘রকিকে দেখতে কে এসেছে দেখুন!
পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার হাট্টিমাটিম টিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। বিয়ের তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়। চিঠির শেষে আবার যুক্ত হয়েছে, ইতি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত।
নতুন ছবি আসছে বাংলার হিট জুটির। যেখানে বিয়ের পিঁড়িতে বসবে তাদের চরিত্ররা। পরিচালনায় সম্রাট শর্মা। আপাতত আর কোনো তথ্য জানানো যাবে না বলে দাবি নির্মাতাদের।