ভেবেছিলাম মারাই যাব: বিচ্ছেদ নিয়ে সামান্থা
কয়েক মাস আগেই নাগা চৈতন্যের সঙ্গে সামান্থা প্রভুর দাম্পত্য বিচ্ছেদ হয়েছে। কিন্তু বিচ্ছেদের পর সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ট্রল হয়েছে, তা খুবই অসহ্য লেগেছে সামান্থার। ভেতরে ভেতরে যে কতটা ভেঙে পড়েছিলেন, তা এবার প্রকাশ্যে জানালেন তিনি।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। সামান্থা বলেন, আমার মনে হয়েছিল আমি চূর্ণবিচূর্ণ হয়ে মারা যাব। কিন্তু, এক সময় আমি বুঝতে পারি জীবন তার গতিতেই চলবে, জীবনে সমস্যাও থাকবে। তখনই নিজেকে শক্তি করি।
তিনি বলেন, যে মুহূর্তে আপনি সত্যটি গ্রহণ করে নেবেন, বুঝবেন আপনার অর্ধেক নিরাময় হয়ে গেছে। স্বীকার করে নেওয়া, জানিয়ে দেওয়া এবং লড়াই চালিয়ে যেতে হবে। সামান্থা নিজেরই প্রশংসা করেন নিজেকে শক্ত রাখার জন্য।
ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাতকারে সামান্থা বলেন, ২০২১ এ আমার জীবনে যা যা হয়েছে, তাতে আমার আর কোনো প্রত্যাশা নেই। ভবিষ্যতে জীবন আমার জন্য যা কিছু সাজিয়ে রেখেছে, সব গ্রহণ করতে আমি প্রস্তুত। শুধু এটুকু জানি, সব ক্ষেত্রে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।
সামান্থার বিচ্ছেদ নিয়েও গুঞ্জণের শেষ নেই। বিবাহ-বহির্ভূত সম্পর্ক এবং গর্ভপাত করার সিদ্ধান্তই নাকি তার বিচ্ছেদের কারণ। তবে এটি সম্পষ্ট যে, বিচ্ছেদ এখনও সামলে উঠতে পারেনি সামান্থা।
সামান্থা রুথ প্রভুর কেরিয়ারের বয়স প্রায় ১১ বছর। ইতোমধ্যেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তিনি প্রথম সারির জায়গা দখল করে নিয়েছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজের মাধ্যমে জাতীয় তথা আন্তর্জাতিক স্তরে পরিচিতি তৈরি হয়েছে। ২০১০-এ গৌতম মেনন পরিচালিত ‘ইয়ে মায়া চেসভ’-এর মাধ্যমে ডেব্যু করেন সামান্থা। তারপর আর ফিরে তাকাতে হয়নি।