অন্তঃসত্ত্বা নুসরাত, স্বামী বললেন ‘এই সন্তান আমার নয়’
টালিউড তারকা ও সংসদ সদস্য নুসরাত জাহানকে নিয়ে গুঞ্জন যেন থামছেই না। বছরের শুরুতে স্বামী ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ, অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম; এসব ছাপিয়ে আলোচনা চলছে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে।
যদিও এই বিষয়ে কোনো কিছু স্পষ্ঠ করেননি নুসরাত। তিনি নিজে অন্তঃসত্ত্বা নাকি সন্তান দত্তক নিতে চলেছেন, সে বিষয়ে একটি শব্দও খরচ করেননি তিনি। তবে শুক্রবার রাতে নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘তুমি তোমার মতো করে বেড়ে ওঠো।’
মুখে কিছু না বললেও ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে কি নতুন অতিথিকে নিয়ে কোনো বার্তা দিতে চাইলেন অভিনেত্রী? সেই প্রশ্নেই এখন মুখর চতুর্দিক।
কলকাতার প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, মা হচ্ছেন নুসরাত। এক মাস আগেই এই সুখবর পেয়েছেন তিনি। আর নুসরাতের সন্তানের বাবা হচ্ছেন তার সঙ্গে প্রেমের গুঞ্জন চলা অভিনেতা যশ দাশগুপ্ত।
ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নুসরাত। বিয়েও করেন দু’জনে। তবে কয়েকমাস ধরে যেন বদলে গেছে সব কিছু। শোনা যাচ্ছে, নিখিলের সঙ্গে কোনো সম্পর্কই রাখেন না নুসরাত। একসঙ্গে থাকেন না তারা।

স্বামী নিখিল জৈনের সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও একসঙ্গে থাকছেন না তারা। নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে নিখিল বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘদিন আমার কোনো সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।’
‘এসওএস কলকাতা’ সিনেমার শুটিংয়ের সময় যশের প্রেমে পড়েছিলেন নুসরাত। এরপর রাজস্থানের মরুশহরে একসঙ্গে ঘুরতে গেলে প্রেমের গুঞ্জন নিশ্চিত খবরে পরিণত হয়। বছরের শুরুতে সেই খবর জানিয়েছিল ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।