শাইখ সিরাজের ২০ লাখ সাবস্ক্রাইবার
শাইখ সিরাজের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ২০ লাখ ছাড়িয়েছে। গত ৩১ অক্টোবর, ২০২০ তারিখে চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ২০ লাখ পূর্ণ হয়।
চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানটি যেমন মানুষের কাছে তুমুল জনপ্রিয় তেমনি ইউটিউবেও দেশে-বিদেশে অগণিত দর্শকের কাছে পৌঁছাতে পেরেছে এই অনুষ্ঠান। চ্যানেলটির অ্যানালিটিক্স বলছে, ব্যবহারকারীরা গড়ে ৫ মিনিট এখানে ভিডিও দেখে আর এই চ্যানেলের ওয়াচটাইম ঈর্ষণীয় এবং অবিশ্বাস্য একটি পর্যায়ে গিয়েছে। যার হিসাব হলো ২ কোটি ৪৫ লাখ ঘণ্টা (ওয়াচটাইম)। অ্যানালিটিক্স থেকে জানা যায়, ২৪-৩৫ বছরের তরুণদের মাঝে চ্যানেলটি বেশি জনপ্রিয়।
সাবস্ক্রাইবার সংখ্যা ২০ লাখ ছাড়ানোর পর শাইখ সিরাজ বলেন, আমি আনন্দিত। সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক ধন্যবাদ। আমার কন্টেন্টগুলো নির্মাণের মূল উদ্দেশ্য এগুলো দেখে তরুণরা যেন কৃষির প্রতি আগ্রহী হয়ে উঠে। আর দেশের কৃষি ও কৃষকের সমস্যা তুলে ধরার পাশাপাশি আমি চেয়েছি আন্তর্জাতিক কৃষিবার্তা এদেশের কৃষক, বিজ্ঞানী, গবেষক ও নীতি নির্ধারকদের মাঝে পৌঁছে দিতে।
.png)
১৯৮২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিটিভি’র মাটি ও মানুষ অনুষ্ঠানটি উপস্থাপনার মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন শাইখ সিরাজ। ২০০৪ সালে ২১ শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চ্যানেল আইয়ে শুরু হয় কৃষিবিষয়ক অনুষ্ঠান, হৃদয়ে মাটি ও মানুষ। ২০১১ সাল থেকে যাত্রা শুরু হয় শাইখ সিরাজের ইউটিউব চ্যানেলের।