ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

দেবরকে নিবৃত্ত করতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল ভাবির

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৮, ৫ নভেম্বর ২০২০
দেবরকে নিবৃত্ত করতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল ভাবির
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ

দেবরের ছেলেকে মারধর থেকে রক্ষা করতে গিয়ে দেবরের ছুরিকাঘাতেই প্রাণ গেল ভাবির। মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী গ্রামে এ ঘটনা ঘটে। দেবর আকরাম হোসেনের ছুরিকাঘাতে খুন হওয়া ভাবির নাম মালা খাতুন।

বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ বাড়িতে ছুরিকাঘাতের পর দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মালা খাতুন বামন্দী গ্রামের চেরাকি পাড়ার ইকরাম হোসেনের স্ত্রী।

আরো পড়ুন: মেহেরপুরে ভাবিকে হত্যায় ব্যবহৃত ছুরিসহ দেবর গ্রেফতার

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আকরাম হোসেন তার ছেলেকে মারধর করছিলেন। ঠেকাতে গেলে বাবা সোলাইমান হোসেন ও মা তহুরা খাতুনকে ধাক্কা দিয়ে ফেলে দেন আকরাম।

পরে তাকে নিবৃত্ত করতে এগিয়ে যান বড় ভাবি মালা খাতুন। এ সময় মালা খাতুনের তলপেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন আকরাম।

মালাকে প্রথমে বামন্দীর একটি ক্লিনিকে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

আরো পড়ুন: দেবরের ঘরে টিভি দেখতে যাওয়ায় ভাবিকে পিটিয়ে হত্যা

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বলেন, মরদেহ কুষ্টিয়ায় ময়নাতদন্ত হবে। হত্যাকারী আকরাম হোসেনকে গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। আকরাম হোসেন বামন্দী বাজারের একজন চা দোকানি। তবে দীর্ঘদিন থেকেই তিনি নেশাগ্রস্ত।

মেহেরপুরের অ্যাডিশনাল এসপি জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!