মাসুম আজিজের শারীরিক অবস্থার অবনতি
দেশ বরেণ্য অভিনেতা মাসুম আজিজ জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত শনিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।রোববার তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে ওই দিন রাতে চিকিৎসকদের পরামর্শে স্বজনরা তাকে বাসায় নিয়ে যান। বাসায় ফের অসুস্থ হয়ে পড়লে সোমবার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
বিষয়টি নিশ্চিত করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। কার্ডিওলজিস্ট ডা. মাকসুমুল হকের তত্ত্বাবধানে রয়েছেন মাসুম আজিজ।
গোলাম কুদ্দুছ বলেন, রোববার তার করোনা রেজাল্ট নেগেটিভ আসে। এরপর বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু বাসায় ফিরেও তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। যার জন্য তাকে সোমবার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। এখন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা বলতে পারবেন তার কী সমস্যা হয়েছ!
.png)
মঞ্চ, টিভি নাটকের প্রবীণ অভিনেতা মাসুম আজিজ দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। ২০১৭ সালে তার হার্টের চারটি ব্লকে বাইপাস সার্জারি করা হয়। হার্টের সমস্যার পাশাপাশি বাধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন তিনি।
মাসুম আজিজ অভিনেতা ছাড়াও চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা হিসেবে পরিচিত। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তার। দীর্ঘ কর্মজীবনে তিনি ৪০০ এর অধিক নাটকে অভিনয় করেছেন। এছাড়া বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসিত হয়েছেন।