ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শেকৃবিতে আনন্দমুখর অরিয়েন্টেশন

শেকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৩, ৬ জানুয়ারি ২০২৫
শেকৃবিতে আনন্দমুখর অরিয়েন্টেশন
ছবি: ডেইলি বাংলাদেশ

নানা আয়োজনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। নবীনদের বরণে আয়োজিত এই অনুষ্ঠান উপলক্ষে ক্যাম্পাসে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। 

সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির টিএসসি কমপ্লেক্সে এই আয়োজন সম্পন্ন হয়। 

সরেজমিনে দেখা যায়, টিএসসি কমপ্লেক্সের সামনে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ২২টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্টল সাজিয়েছে। সংগঠনের সদস্যরা আগ্রহী নবাগত শিক্ষার্থীদের কাছে নিজেদের কর্মকাণ্ড তুলে ধরে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে মেটাচ্ছে নবীনদের কৌতূহল। অন্যদিকে চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম। এ সময় নবীনদেরকে ফুল দিয়ে বরণ করতেও দেখা যায়। রেজিস্ট্রেশন কার্যক্রম শেষে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সের মিলনায়তনে আসন গ্রহণ করেন। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান যেখানে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে আরভী আহমেদ ও রাবেয়া বসরী অনুভূতি ব্যক্ত করেন।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, আমাদের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের জন্য সার্বক্ষণিক নিয়োজিত। এসময় তিনি অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো র‌্যাগিং কিংবা বুলিং নেই। কেউ যদি আবাসিক হলে কিংবা ক্লাসরুমে বুলিং করে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব।

আলোচনা অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. রজ্জব আলী কোর্স লে-আউট প্রদর্শন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশে কৃষি গ্র্যাজুয়েটদের সম্ভাবনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। অনুষ্ঠানটি ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহা. আশাবুল হকের সভাপতিত্বে ও রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সঞ্চালনায় সম্পন্ন হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: শেকৃবি
লিংক সফলভাবে কপি হয়েছে!