শনিবার বিকেলে ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ার সামনে ব্রিফিংয়ে এ তথ্য জানান কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারি।
জাকারিয়া বারি বলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য প্রত্যাখ্যান করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। আমরা আমাদের অধিকার আদায়ের মূল দাবি থেকে সরে আসব না। সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের যে দাবি, সেটি আমাদের থাকবেই।
এ সময় কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামী রবি ও সোমবার সাত কলেজের অভ্যন্তরীণ সকল ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীরা একাডেমিক কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নেবেন না। একইসঙ্গে সাত কলেজের সবগুলো ক্যাম্পাসে দাবির পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এসব কর্মসূচিতে অংশ নেবেন। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
প্রসঙ্গত, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ—সরকারি এই সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে অনেক দিন ধরেই আন্দোলন করছেন কলেজগুলোর শিক্ষার্থীরা।
.png)