ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ফিলিস্তিনি শিক্ষার্থীদের বৃত্তি ও আবাসিক সুবিধা দিতে চায় জাবি

জাবি সংবাদদাতা
প্রকাশিত: ১৯:৩২, ১৪ মে ২০২৪
ফিলিস্তিনি শিক্ষার্থীদের বৃত্তি ও আবাসিক সুবিধা দিতে চায় জাবি
ছবি: ডেইলি বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ফিলিস্তিনি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও আবাসিক সুবিধা দিয়ে ভর্তির আগ্রহ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকাস্থ প্যালেস্টাইন দূতাবাসের উপপ্রধান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালকের মধ্যকার এক সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ আগ্রহ প্রকাশ করা হয়।

মঙ্গলবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাস্থ প্যালেস্টাইন দূতাবাসের উপপ্রধান জিয়াদ এম. এইচ. হামাদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় তিনি ফিলিস্তিন দূতাবাসের উপ-প্রধানকে জাবি কর্তৃপক্ষ কর্তৃক প্যালেস্টাইন শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুযোগ প্রদানে আগ্রহের কথা জানান।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যালেস্টাইন দূতাবাসের উপপ্রধান জিয়াদ এমএইচ হামাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং প্যালেস্টাইনের প্রতি বাংলাদেশের মানুষের সহযোগিতা ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া উপপ্রধান আগামী শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্যালেস্টাইন শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সৌজন্য সাক্ষাৎকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের প্রশাসনিক অফিসার ফরহাদ রহমান সরকার, রিপোর্টার হাফিজুর রহমান, প্যালেস্টাইন দূতাবাস অফিসের প্রধান প্রশাসনিক অফিসার আফিয়া ইবনাত প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!