সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের গোল চত্বরে লাল, নীল, গোলাপি, হলুদ রঙের নানা ফুল ফুটেছে। কেন্দ্রীয় শহিদ মিনারের ঠিক পাশে এবং শান্তিনিকেতন এলাকায় মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়ার সঙ্গে তাল মিলিয়ে বেড়ে উঠছে ঘাসফুল। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে রোপণকৃত ফুল গাছেও ফুটেছে নানা রঙের ফুল। নানা মৌসুমি ফলও ধরেছে গাছে।

.png)
ক্যাম্পাসের এমন রূপে মুগ্ধ শিক্ষার্থী ও দর্শনার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগ শিক্ষার্থী সামিয়া সুলতানা বলেন, ‘ক্যাম্পাসে ঢুকতেই নানা ফুল চোখে পড়ে, যা দেখে মন ভালো হয়ে যায়। ফুল আমার খুব পছন্দের। এই বৈচিত্র্যময় ফুলগুলোই আমার আনন্দের খোরাক।’
শিক্ষা বিভাগের আরেক শিক্ষার্থী কাউসার আহমেদ বলেন, ‘প্রকৃতি থেকে প্রাপ্ত সবচেয়ে বড় উপহার ফুল ও ফল। ক্যাম্পাসের নানা রঙের ফুলের গন্ধে আমাদের মন জুড়ায়। তীব্র গরমের মধ্যেও আমরা সতেজতা অনুভব করি।’
কৃষি বিভাগের শিক্ষার্থী রিয়াজ আহমেদ বলেন, ‘তীব্র তাপদাহে যখন জনজীবন অতিষ্ঠ তখন ক্যাম্পাসের কৃষ্ণচূড়ার দিকে তাকালে কিছুটা স্বস্তি অনুভব করি।’