ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জবিতে ঐতিহ্যবাহী রায়বেঁশে নৃত্য, প্রশংসার জোয়ার

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:২১, ১৫ এপ্রিল ২০২৩
জবিতে ঐতিহ্যবাহী রায়বেঁশে নৃত্য, প্রশংসার জোয়ার
রায়বেঁশে নৃত্য ও লাঠিখেলা। ছবি: ডেইলি বাংলাদেশ

রায়বেঁশে বা লাঠিখেলা হাজার বছরের বাঙ্গালি ঐতিহ্যের এক অন্যতম নিদর্শন। ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বাংলার জমিদাররা নিরাপত্তার জন্য লাঠিয়াল নিযুক্ত করত। যুদ্ধ নৃত্য হলেও আমাদের দেশীয় আচার-উপায় মিশ্রিত এই পরিবেশনাটি আমাদের নিজস্ব সংস্কৃতির অংশ। যা পরিবেশিত হয়ে আসছে পহেলা বৈশাখ, চৈত্র সংক্রান্তি, পূজাসহ বিভিন্ন পার্বণে। তারই ধারাবাহিকতায় নববর্ষ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিবেশিত হয়েছে ‘রায়বেঁশে নৃত্য ও লাঠিখেলা’। এই নৃত্যের প্রশংসা এখন বিশ্ববিদ্যালয়টির ছাত্র-শিক্ষকদের মুখে মুখে। 

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা এ নৃত্য উপস্থাপন করে। পরিবেশনাটির পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন বিভাগের প্রভাষক কৃপাকনা তালুকদার। 

রায় বাঁশ বা বড় বাঁশ ব্যবহার করে এই পরিবেশনাটি উপস্থাপন করা হয়।

Advertisement

এ যুদ্ধনৃত‍্য পরিবেশনায় ছিলেন বিভাগের শিক্ষার্থী রকি, মারুফ, অনন্যা, নিশা, রুদ্র, বাবলু, আলম, সৌমিক, ঈশিতা, খুশি, নওমী, সাদিয়া, মুগ্ধ, তাকরিম, মোস্তাকিন, শোভন, সুরাজ, মুস্তাফিজ, অভিজিৎ ও ফিজা। দ্রব্যসামগ্রী নির্মাণে ঈশিতা, প্রকাশনা ও পোস্টার সাদিয়া নিশা। সঙ্গীত পরিবেশনা করেন শোভন, সুরাজ, তাকরিম, অনন্যা, নিশা, মুস্তাফিজ, অভিজিৎ, ফিজা।

নৃত্য পরিবেশনাটির নির্দেশক নাট্যকলা বিভাগের প্রভাষক কৃপাকণা তালুকদার বলেন, রায়বেঁশে বা লাঠিখেলা হাজার বছরের বাঙ্গালি ঐতিহ্যের এক অন্যতম নিদর্শন। যুদ্ধ নৃত্য হলেও এই পরিবেশনাটি আমাদের নিজস্ব সংস্কৃতির অংশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা তাদের পাঠ্যক্রমে দেশজ নাট্যের নৃত্য অংশে এই রায়বেঁশে পরিবেশনাটি অধ্যয়ন করে আসছে। ফলে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এই পরিবেশনাটি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থাপিত হয়েছে।

এই নৃত্যের প্রশংসা এখন বিশ্ববিদ্যালয়টির ছাত্র-শিক্ষকদের মুখে মুখে।

প্রসঙ্গত, প্রাচীনকাল থেকে বাংলার প্রবাদ, প্রবচন, ধাঁ ধাঁ, মন্ত্রসহ বিভিন্ন লোক কাহিনীতে লাঠি খেলার উল্লেখ পাওয়া যায়। লাঠি ব্যবহার করে প্রদর্শিত তেমনই এক ধরনের যুদ্ধ নৃত্য হলো রায়বেঁশে। রায় বাঁশ বা বড় বাঁশ ব্যবহার করে এই পরিবেশনাটি উপস্থাপন করা হয়। নানাবিধ শব্দ, বোলের সুরে সুরে নাচটি পরিবেশিত হয়। নাচটির সঙ্গে যুক্ত হয় নানান রকম শারীরিক কসরত। বিভিন্ন প্রাণীর প্রতীকরূপ তৈরি করা হয় অঙ্গ ব্যবহারের মাধ্যমে। নানান রকম শারীরিক কসরতের মাধ্যমে সৃষ্ট বিন্যাসও এই নাচের অন্তর্ভুক্ত। এছাড়া মুখ দিয়ে আগুণ নিঃসৃত করার মতো রোমহর্ষক খেলাগুলো এই নাচের সময় পরিবেশিত হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!