ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

হাবিপ্রবির অনুষদ সেরাদের তালিকায় নেপালি শিক্ষার্থীও, যা চান তারা

অলংকার গুপ্তা, হাবিপ্রবি
প্রকাশিত: ১২:৫৫, ৯ এপ্রিল ২০২৩
হাবিপ্রবির অনুষদ সেরাদের তালিকায় নেপালি শিক্ষার্থীও, যা চান তারা
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে অনুষদে সেরা যারা। ছবি: ডেইলি বাংলাদেশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৬ তম ব্যাচের প্রত্যেকটি অনুষদের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে আট অনুষদ থেকে আটজন শীর্ষস্থান অধিকার করেছেন। এদের মধ্যে রয়েছেন একজন নেপালি শিক্ষার্থী। 

শিক্ষার্থীদের স্নাতকের একাডেমিক ফলাফলের ওপর ভিত্তি করে শীর্ষস্থান প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। 

কৃষি অনুষদ থেকে বিশ্ববিদ্যালয়ের ১৬ ব্যাচের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করার রেকর্ড গড়েছেন ‘মহিতা তানজিন’। তার অর্জনকৃত সিজিপিএ- ৩.৮৯। ভবিষ্যতে তিনি একজন ভালো মানুষ হওয়ার পাশাপাশি বাংলাদেশের গবেষণাখাতে অবদান রাখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় আসতে চান। 

Advertisement

কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে প্রথমবারের মতো বিদেশি শিক্ষার্থী অনুষদ সেরা হয়েছেন। তিনি হলেন নেপালি শিক্ষার্থী ‘সালমা খাতুন’। তার অর্জনকৃত সিজিপিএ- ৩.৯৬। বর্তমানে তিনি নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি নিতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। ভবিষ্যতে তার বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার ইচ্ছা রয়েছে বলে জানান।

বিজনেস স্টাডিজ অনুষদ থেকে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছেন ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান। তার অর্জনকৃত সিজিপিএ-৩.৮৮। ভবিষ্যতে সুযোগ পেলে তিনি শিক্ষকতা পেশায় নিজেকে যুক্ত রাখতে চান।

মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন কে. এম. তৌফিক হাসান, তার অর্জনকৃত সিজিপিএ- ৩.৯৬। বর্তমানে তিনি মাস্টার্স ইন ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগে অধ্যয়নরত। ভবিষ্যতে তিনি সুযোগ পেলে শিক্ষকতা পেশায় যুক্ত হতে চান।

ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন ডা. মো. আসাদুজ্জামান নূর, তার অর্জনকৃত সিজিপিএ- ৩.৯১। ভবিষ্যতে তিনি নিজেকে প্রাণী চিকিৎসায় নিয়োজিত রাখতে চান। এছাড়াও তিনি প্রত্যন্ত গ্রামের মানুষের জন্য সঠিক সময়ে উন্নত প্রযুক্তিনির্ভর প্রাণীসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার আশা ব্যক্ত করেন।

ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছেন ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আনিকা তাহসিন, তার অর্জনকৃত সিজিপিএ - ৩.৯৬। ভবিষ্যতে তিনি শিক্ষকতা পেশাকে প্রাধান্য দিয়ে দেশের সমৃদ্ধিতে অবদান রাখতে চান।

বিজ্ঞান অনুষদ থেকে সেরা হয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. শাহজাহান। তার অর্জনকৃত সিজিপিএ ৩.৯৭। একজন সৎ ও ভালো মনের মানুষ হয়ে জীবন নির্বাহ করতে চান। শিক্ষকতা পেশাকে তিনি সর্বোচ্চ সম্মানের চোখে দেখেন৷ এই পেশায় আসতে পারলে তিনি নিজেকে সর্বোচ্চ প্রতিষ্ঠিত মনে করবেন৷ 

সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ‘নাজমিন আরা শাবনুর’। তার অর্জনকৃত সিজিপিএ - ৩.৮০। বর্তমানে তিনি মাস্টার্সে অধ্যয়নরত। অদূর ভবিষ্যতে একজন সৎ ও ভালো মনের মানুষ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পাশাপাশি নিজেকে দেশ সেবায় নিযুক্ত করতে চান। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ডা. ইমরান পারভেজ বলেন, শিক্ষার্থীদের সাফল্যে আমি অত্যন্ত খুশি। আগামীতে তাদের আরো সফলতা কামনা করছি। আশা করি শিক্ষার্থীরা এ ফলাফল আগামীতেও ধরে রাখবে এবং দেশের সেবায় কাজ করে যাবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!