ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবিতে‘জবফেস্ট’: অংশ নিয়েছে ২৮ প্রতিষ্ঠান

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৫, ১ মার্চ ২০২৩
শাবিপ্রবিতে‘জবফেস্ট’: অংশ নিয়েছে ২৮ প্রতিষ্ঠান
শাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের আয়োজনে চতুর্থ ‘জবফেস্ট’ উদ্বোধন। ছবি: ডেইলি বাংলাদেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘ক্যারিয়ার ক্লাবে’র আয়োজনে চতুর্থ ‘জবফেস্ট’ উদ্বোধন হয়েছে। এতে দেশের স্বনামধন্য ২৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। 

বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এ জবফেস্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মাহবুবুল হাকিম, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং ফুড অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। এছাড়া সংগঠনের সদস্যবৃন্দ ও আগত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

Advertisement

উদ্বোধনকালে কোষাধ্যক্ষ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা যে যেখানে গিয়েছে, সেখানে তারা ভালো করছে। তাদের মাধ্যমে পরবর্তী গ্রাজুয়েটদের কদর বৃদ্ধি পাচ্ছে। শুধু দেশে নয়, বিদেশেও আমাদের গ্রাজুয়েটরা দক্ষতার সঙ্গে গবেষণা ও বিভিন্ন চাকরিতে কাজ চালিয়ে যাচ্ছে। 

তিনি আরো বলেন, শাবিপ্রবি শিক্ষা ও গবেষণায় যে মানে এগুচ্ছে, তাতে বুঝাই যাচ্ছে আমরা সঠিক পথেই আছি। চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় নিয়ে আমরা আমাদের একাডেমিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছি। আমরা চাই, আমাদের গ্রাজুয়েটরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় টিকে থাকুক। 

জানা যায়, ক্যারিয়ার ক্লাবের আয়োজনে জব ফেস্টে দেশের বিভিন্ন জায়গার বিখ্যাত ২৮টি প্রতিষ্ঠানের প্রায় ৩০০টিরও বেশি চাকরি নিয়ে অংশগ্রহণ করেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- পাঠাও, আইপিডিসি ফাইন্যান্স, অথল্যাব, প্রাণ-আরএফএল গ্রুপ, ডরিক, লিঙ্ক-৩, আরলা ফুড, এপেক্স, এডিসন রিয়েল এস্টেট, ক্রাউন সিমেন্ট, ইয়ো টেক, নাভানা গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্টিজ, সিলেট ইম্পিরিয়াল হাসপাতালসহ বিভিন্ন ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানি।

দুইদিন ব্যাপী এ জবফেস্টের প্রথমদিন প্রতিষ্ঠানের শূন্যপদের জন্য সিভি গ্রহণ করা হবে। পরদিন (২ মার্চ) সিভি থেকে বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই জব ফেস্টে সিলেটের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগ হতে স্নাতক সম্পন্নকৃত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!