বুধবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান মাঠ সংলগ্ন হিমেলের দুর্ঘটনাস্থলে পুষ্পস্তবক অর্পণ করেছে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট ও রাবি ড্রামা অ্যাসোসিয়েশন (রুডা)।
পুষ্পস্তবক অর্পণ শেষে দুর্ঘটনাস্থলে হিমেলের স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান জোটের সভাপতি মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত।
.png)
তিনি বলেন, হিমেল মৃত্যুর এক বছর হলেও এখানে কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ হয়নি। অথচ মৃত্যুর পরদিনই প্রশাসন সেটা নির্মাণের আশ্বাস দিয়েছিল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন শিক্ষার্থীর এভাবে মৃত্যু খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা পুনরায় যাতে না ঘটে সে বিষয়ে সচেষ্ট থাকতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানান।
একই দাবি জানিয়ে রুডার সভাপতি মো. মনির হোসাইন বলেন, সেদিন হিমেলের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হৃদয়কে নাড়া দিয়েছিল। প্রশাসন বাধ্য হয়ে উত্তেজিত শিক্ষার্থীদের দাবি মেনেও নিয়েছিল। কিন্তু তার মৃত্যুর এক বছর হলেও স্মৃতিস্তম্ভ নির্মাণ হয়নি। অথচ প্রশাসন নিজেই এটা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল। বিষয়টি নিয়ে পরবর্তীতেও প্রশাসনকে জানানো হয়েছিল। তাই অবিলম্বে এই স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানাই।
এছাড়াও দিবসটি উপলক্ষে বিকেল সাড়ে ৪টায় রাজশাহী ইউনিভার্সিটি ড্রামা এসোসিয়েশনের (রুডা) আয়োজনে ড. মমতাজউদ্দিন কলা ভবনে স্মরণসভা এবং সন্ধ্যা ৬টায় দুর্ঘটনাস্থলে প্রদীপ প্রজ্বলন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।
প্রসঙ্গত, ২০২২ সালের ১ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে শহিদ হবিবুর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয়ে নির্মাণ কাজে ব্যবহৃত বেপরোয়া ট্রাকের চাপায় নিহত হন গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল নিহত হন। এ ঘটনায় আহত হন তার বন্ধু সিরামিক ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান প্রামাণিক। হিমেল শহিদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র ছিলেন। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা এ্যাসোসিয়েশন (রুডা) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দফতর সম্পাদক ছিলেন।