ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ওয়েবমেট্রিক্স র‍্যাংকিংয়ে দ্বিতীয় রাবি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪, ১ ফেব্রুয়ারি ২০২৩
ওয়েবমেট্রিক্স র‍্যাংকিংয়ে দ্বিতীয় রাবি
ছবি: ডেইলি বাংলাদেশ

স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স ২০২৩ সালের প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। গত বছরের তুলনায় দুইধাপ এগিয়েছে। এই তালিকায় বিশ্বের দুই শতাধিক দেশের প্রায় ১২ হাজার বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুসারে, দেশ সেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে যার অবস্থান ৯৭৫। এদিকে গত বছরের থেকে দুইধাপ এগিয়ে দেশে দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়। যার আন্তর্জাতিক অবস্থান ১ হাজার ২১০। গত বছর আন্তর্জাতিক র‍্যাংকিং যেটা ছিল ১ হাজার ৫৯৩ ও দেশে চতুর্থ স্থানে ছিল এই বিশ্ববিদ্যালয়।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বিশ্ব র‍্যাংকিং নিয়ে আমরা সচেতন হয়েছি। নিজস্ব ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে। জার্নালসহ সব তথ্য নিয়মিত আপডেট ও পাবলিশিং-এ কাজ করছি। এছাড়া শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির লক্ষ্যে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ৫০ বছরের অ্যাকাডেমিক মাস্টারপ্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছি। আশা করি সামনে আরো ভালো কিছু হবে।

Advertisement

তালিকায় দেশসেরা শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৩৬৫), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৪৩২), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৮২৫), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২০৬০), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২১২৯), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৩০৯), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‌্যাংকিং ২৪০৪), 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৪১৪)।

প্রসঙ্গত, এই র‍্যাংকিং প্রণয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে মাদ্রিদ ভিত্তিক এই প্রতিষ্ঠান। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!