নভেম্বরের প্রথম সপ্তাহে যবিপ্রবিতে ভর্তি কার্যক্রম: উপাচার্য
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে তা জানিয়েছেন ভিসি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু করার জন্য আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বিজ্ঞাপন দেয়া হবে। ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তির কার্যক্রম শেষ করা হবে।
এদিকে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা যবিপ্রবিত কেন্দ্রেও হয়েছে। এ বিষয়ে ভিসি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। একইসঙ্গে যবিপ্রবির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যশোর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরআগে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী এবং অভিভাবকদের ভোগান্তি কমাতে দেশে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন করে ২০ বিশ্ববিদ্যালয়। ১৭ অক্টোবর ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে গুচ্ছ পদ্ধতির যাত্রা শুরু হয়। এরইমধ্যে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়েছে। আজ রোববার (২৪ অক্টোবর) ‘বি’ ইউনিটে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ পরীক্ষায় যবিপ্রবি কেন্দ্রে আসন পড়ে তিন হাজার ২৭৬ শিক্ষার্থীর। এরমধ্যে প্রায় ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে পরীক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন। ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে জানানো হয়েছে, ১ নভেম্বর ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের দুপুর ১২টা-১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবিতে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরও পরীক্ষা গ্রহণ করা হয়েছে। আগামীতে সব বিশ্ববিদ্যালয় যদি এভাবে একসাথে ভর্তি পরীক্ষা গ্রহণ করতে পারে তাহলে শিক্ষার্থী-অভিভাবকের দুর্দশা আরো লাঘব হবে। একসাথে ভর্তি পরীক্ষা গ্রহণ করলে সব বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ক্লাস শুরু করা সম্ভব হতো। এতে শিক্ষার্থীরা সেশনজটে পড়ত না এবং তাদের অর্থ ও সময় সবকিছুরই সাশ্রয় হতো।
অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সঙ্গে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, ডিন অধ্যাপক অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, অধ্যাপক ড. সাইবুর রহমান ম্যোলা, ড. সৈয়দ মো. গালিব, ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ড. সুমন চন্দ্র মোহন্ত, ড. মো. মেহেদী হাসান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব. প্রক্টর ড. সেলিনা আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের দায়িত্বরত ব্যক্তিবর্গ।
ভর্তি পরীক্ষা, ফলাফলসহ অন্যান্য সব তথ্য https://gstadmission.ac.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।