ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ডি’ ইউনিটে ভর্তির আবেদন আগামীকাল শুরু

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ৬ অক্টোবর ২০২১
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ডি’ ইউনিটে ভর্তির আবেদন আগামীকাল শুরু
ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলা চত্বর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ‘ডি’ ইউনিটে স্নাতক প্রথমবর্ষে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামীকাল ৭ অক্টোবর। আবেদন চলবে ১৭ অক্টোবর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। ‘ডি’ ইউনিটে রয়েছে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ। 

রোববার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ভর্তিচ্ছু আবেদকারীকে অবশ্যই ২০১৯ অথবা ২০২০ সনের উচ্চ মাধ্যমিক/সমমান এবং ২০১৭ অথবা ২০১৮ সনে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.iu.ac.bd/admission এ প্রকাশিত ভর্তি নির্দেশিকায় উল্লিখিত এবং ওয়েবসাইটে প্রদর্শিত ধাপ অনুসরণ করে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে সূত্রে আরো জানা যায়, ভর্তি নির্দেশিকায় উল্লেখিত শর্ত পূরণ করা সাপেক্ষে বিভিন্ন কোটায় ভর্তির জন্য আবেদন করা যাবে এবং ওয়েবসাইটে নির্দেশিত পন্থা অনুসরণ করে প্রাথমিক আবেদন ফি বাবদ ৮৫০/- (আটশত পঞ্চাশ) টাকা মোবাইল/অনলাইন ব্যাংকিং (বিকাশ/নগদ/রকেট/ভিসা কার্ড/মাস্টার কার্ড) এর মাধ্যমে পরিশোধ করতে পারবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্র-ছাত্রী ভর্তির নীতিমালা (Foreign student Admission Ordinance) অনুযায়ী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ  স্নাতক (সম্মান) শ্রেণিতে উপরোক্ত ইউনিট অন্তর্ভুক্ত বিভাগসমূহে বিদেশি ছাত্র-ছাত্রীরাও ভর্তি হতে পারবে। 
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নীতিমালা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd এ থেকে সংগ্রহ করা যাবে।

ভর্তিচ্ছু প্রত্যেক আবেদনকারী কেবল ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মোট ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ২০ নম্বরের লিখিত নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ২৫% নম্বর কাটা যাবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত তিনটি বিভাগ- আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সমন্বয়ে গঠিত ‘ডি’ ইউনিটে ২৪০টি আসন রয়েছে।

প্রসঙ্গত, গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!