ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ডিএসইর মৃত দুই পরিচালককে বিএসইসির তলব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০২, ১২ ডিসেম্বর ২০২৪
ডিএসইর মৃত দুই পরিচালককে বিএসইসির তলব
বিএসইসি ভবন- ফাইল ফটো

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই বছর আগে মারা যাওয়া সাবেক দুই পরিচালককে তলব করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ বিষয়ে বুধবার বিএসইসির উপ-পরিচালক মো. সুলতান সালাহ উদ্দিন স্বাক্ষরিত এক শোকজ চিঠি ডিএসইতে পাঠানো হয়েছে।

শোকজে মো. ইউনুসুর রহমানের নেতৃত্বাধীন পর্ষদের ২০২১ সালের ২৮ জুন ও ১৭ আগস্ট অনুষ্ঠিত পর্ষদ সভায় অংশগ্রহণ করা ১২ জন পরিচালককে তলব করা হয়েছে। এরমধ্যে ২০২২ সালের ১৮ মার্চ মারা যাওয়া রকিবুর রহমান ও একই বছরের ৯ আগস্ট মারা যাওয়া হাবিবুল্লাহ বাহার রয়েছেন।

Advertisement

বিনিয়োগকারীদের জন্য সুরক্ষা ফান্ড সংগ্রহ ও ব্যবহার নিয়ে সিকিউরিটিজ আইনের ব্যত্যয় হয়েছে বলে ২০২৩ সালের ৩০ নভেম্বর গঠিত এক তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে ডিএসই কর্তৃপক্ষ ফান্ড যেমন সঠিকভাবে সংগ্রহ করেনি, একইভাবে তার ব্যবহার নিয়েও তদন্ত রিপোর্টে প্রশ্ন উঠেছে।

এ কারণে আগামী ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় বিএসইসিতে ব্যাখ্যা দেওয়ার জন্য তলব করা হয়েছে। যেখানে ডিএসইর প্রয়াত ২ পরিচালক রকিবুর রহমান ও হাবিবুল্লাহ বাহারের নামও রয়েছে।

এদিকে, মৃত মানুষকে বিএসইসির তলবে ডাকাকে কাণ্ডজ্ঞানহীন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে জানান, তারা দুজন মৃত এটি আমরাও (বিএসইসি) জানি। জেনেই চিঠি দেওয়া হয়েছে। নিয়ম ফলো করার জন্য এটা করা হয়েছে। এখানে বিএসইসির কোনো ভুল নেই। শুনানির দিনে তাদের নাম বাদ পড়ে যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ডিএসই
লিংক সফলভাবে কপি হয়েছে!