ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাড়ল আয়কর রিটার্ন জমার সময়

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২০, ১৭ নভেম্বর ২০২৪
বাড়ল আয়কর রিটার্ন জমার সময়
ই-রিটার্ন ওয়েবসাইটের ফ্রন্ট লুক- ফাইল ফটো

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইন ও অফলাইনে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।

রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, কোম্পানি ব্যতিত সব করদাতার জন্য জরিমানা ছাড়া রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। অনলাইন ও অফলাইন উভয়ক্ষেত্রেই এই নতুন সময়সীমা কার্যকর হবে।

Advertisement

এনবিআরের ঘোষণায় বলা হয়, রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য বিভিন্ন পেশার করদাতাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধে সাড়া দিয়ে রিটার্ন জমা দেওয়ার সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। সময় বাড়ানো হলে সে বিষয়ে সাধারণত শেষ দিনে ঘোষণা দেওয়া হয়। তবে এবার আগেই এ বিষয়ে এনবিআর তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলো। এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, জুলাই-আগস্টের আন্দোলন, ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তাসহ নানা কারণে সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছিলো।

গত ২২ অক্টোবর এনবিআরের এক আদেশে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার সরকারি কর্মকর্তা, তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর কোম্পানির কর্মকর্তাসহ বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তাদের অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বহুজাতিক কোম্পানিগুলো হলো ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং নেস্‌লে বাংলাদেশ পিএলসি।

গত ৯ সেপ্টেম্বর অনলাইনে রিটার্ন জমার সিস্টেম চালু করা হয়। প্রতি কর্মদিবসে এখন গড়ে ৮ হাজার ই-রিটার্ন জমা দেওয়া হচ্ছে। এনবিআর জানিয়েছে, এখন পর্যন্ত ৩ লাখ ৭৫ হাজার ই-রিটার্ন জমা পড়েছে। বর্তমানে ১ কোটি ৫ লাখের মতো কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। প্রতি বছর গড়ে ৪০ লাখের মতো টিআইএনধারী রিটার্ন জমা দেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!