ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

তিন স্থলবন্দরে আমদানি-রফতানি স্বাভাবিক

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৯, ৮ আগস্ট ২০২৪
তিন স্থলবন্দরে আমদানি-রফতানি স্বাভাবিক
ফাইল ফটো

দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তার শঙ্কায় টানা কয়েকদিন বন্ধ থাকার পর দেশের স্থলবন্দরগুলোর আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুরোদমে কার্যক্রম চলছে বেনাপোল, বাংলাবান্ধা, সোনামসজিদ স্থলবন্দরে।

বেনাপোল
টানা ৩ দিন বন্ধ থাকার পর দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে আমদানি-রফতানি বাণিজ্য। বুধবার বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম ও বেনাপোল কাস্টমস ও সিএন্ডএফ এজেন্ট নেতৃবৃন্দ পেট্রাপোল সিডাব্লিউসিএস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পণ্য রফতানি করার জন্য অনুরোধ জানান।

পেট্রাপোল কাস্টমস, বন্দর সিএন্ডএফ এজেন্ট যৌথ আলোচনায় বাংলাদেশে তাদের পণ্যবাহী ট্রাক পাঠাতে সিদ্ধান্ত নেয়। ফলে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় চালু হয় ব্যস্ততম এ বন্দরের কার্যক্রম।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনামসজিদ
দেশের সাম্প্রতিক পরিস্থিতির পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। বুধবার থেকে মেহেদীপুর বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক ঢুকতে দেখা গেছে।

পানামা সোনামসজিদ পোর্টলিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সারা দেশের মতো সোনামসজিদ স্থলবন্দরেও আমদানি-রফতানিতে কোটা সংস্কার আন্দোলনের প্রভাব পড়েছে। তবে রোববার ৭৫টি পণ্যবাহী ট্রাক বন্দরে ঢুকেছে। আজকেও বন্দরে পণ্যবাহী ট্রাক ঢুকতে শুরু করেছে। স্থলবন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বলেও জানান তিনি।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্টলিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার টিপু সুলতান বলেন, স্থলবন্দরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। ভারত থেকে পণ্যবাহী ট্রাক পাঠালে আমরাও নিতে প্রস্তুত। বুধবারও ৬০টি পেঁয়াজবাহী ট্রাক ও ১৫টি অন্যান্য পণ্যবাহী ট্রাক ঢুকেছে। আজকেও পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে বলে আশা করছি।

বাংলাবান্ধা
দুইদিন পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। বুধবার সকাল থেকে ভারত থেকে পাথর এবং নেপালে রফতানিযোগ্য বিভিন্ন পণ্য পাঠানো হয়।

স্থলবন্দর সূত্র জানায়, উদ্বুদ্ধ পরিস্থিতিতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর সোমবার ও মঙ্গলবার বন্ধ ছিল। বুধবার সকাল থেকে বন্দরটির আবারও সচল হয়। দুপুর পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য বোঝাই ৯৪টি গাড়ি ভারত ও ভুটানে যায়। এ সময় বাংলাদেশে পাথরসহ ২৭টি পণ্যবাহী ট্রাক প্রবেশ করে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, দুদিন পর ফের স্থলবন্দর সচল হয়েছে। পণ্য আমদানি ও রফতানি হচ্ছে। এখন পরিস্থিতি স্বাভাবিকের পথে।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!