ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]
লিড সনদ পেল নতুন ২ প্রতিষ্ঠান

দেশে পরিবেশবান্ধব কারখানা বেড়ে ২২০

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৬, ১২ জুন ২০২৪
দেশে পরিবেশবান্ধব কারখানা বেড়ে ২২০
ফাইল ফটো

বাংলাদেশে তৈরি পোশাকশিল্পের নতুন দু‌টি কারখানা পরিবেশবান্ধব লিড সনদ পেয়েছে। ফলে দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ২২০ এ।

বুধবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে  এ তথ্য জানানো হয়েছে।

নতুন প্রতিষ্ঠান দু‌টি হলো- গাজীপুরের শ্রীরামপুরে অবস্থিত গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড এবং কাশিপুর জারুনে (দক্ষিণ) অবস্থিত কটন ক্লাব অ্যান্ড কটন ক্লাউড। গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড ৭৮ পয়েন্ট এবং কটন ক্লাব অ্যান্ড কটন ক্লাউড ৭১ পয়েন্ট অর্জন করে গোল্ড সনদ পেয়েছে।  

Advertisement

যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) পরিবেশবান্ধব লিড সনদ পাওয়ার ৯টি শর্ত পরিপালনে মোট ১১০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০’র বেশি পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ নম্বর পেলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেওয়া হয়।

বিজিএমইএ’র তথ্যানুযায়ী, তৈরি পোশাক ও বস্ত্র খাতে বর্তমানে লিড সনদ পাওয়া পরিবেশবান্ধব কারখানা বেড়ে হয়েছে ২২০টি। এর মধ্যে ৮৪টিই লিড প্লাটিনাম সনদধারী। এছাড়া ১২২টি গোল্ড, ১০টি সিলভার ও ৪টি কারখানা সার্টিফায়েড সনদ পেয়েছে।

বিশ্বের শীর্ষস্থানীয় ১০টি পরিবেশবান্ধব কারখানার ৯টিই বাংলাদেশে। এর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি লাভ করেছে গাজীপুরের কোনাবাড়ীর এস এম সোর্সিং। ১১০ নম্বরের মধ্যে কারখানাটি ১০৬ পেয়েছে। দেশের অন্য শীর্ষস্থানীয় পরিবেশবান্ধব কারখানাগুলো হলো- ময়মনসিংহের গ্রিন টেক্সটাইল, গাজীপুরের নিট এশিয়া ও ইন্টিগ্রা ড্রেসেস, নারায়ণগঞ্জের রেমি হোল্ডিংস ও ফতুল্লা অ্যাপারেলস, গাজীপুরের লিডা টেক্সটাইল অ্যান্ড ডাইং ও লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ এবং মানিকগঞ্জের তারাসিমা অ্যাপারেলস।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!