সোমবার থেকে তফসিলি ব্যাংকের অফিস সময় রোজার আগের নিয়মে শুরু হয়েছে। অর্থাৎ অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং লেনদেন হবে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, সোমবার থেকে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিট হবে পোস্ট ক্লোজিং। অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
.png)
এবার রোজায় সব সরকারি-বেসরকারি ব্যাংক খোলা ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে লেনদেন হয় সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
গত ১১ এপ্রিল দেশে উদযাপিত হয় ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে ৯, ১০, ১১ ও ১২ এপ্রিল সরকারি ছুটি ছিল। ১৩ এপ্রিল শনিবার সপ্তাহিক ও ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটি। ফলে ৯ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত টানা ছুটি কাটিয়েছেন চাকরিজীবীরা। সোমবার অফিসপাড়ায় যোগ দিয়েছেন সরকারি-বেসরকারি কর্মজীবীরা।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রথমবারের মতো টানা ৬ দিন ছুটি কাটিয়েছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ছুটি ঘোষণা করে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।