ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ডিএসইতে কমেছে লেনদেন, সূচক বেড়েছে সিএসই’র

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪২, ১ নভেম্বর ২০২৩
ডিএসইতে কমেছে লেনদেন, সূচক বেড়েছে সিএসই’র
ফাইল ফটো

দেশের পুঁজিবাজারে সপ্তাহের ব্যবধানে লেনদেনের গতি ফের কিছুটা কমেছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে চলে এসেছে। তবে লেনদেন কমলেও মূল্যসূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

গত সপ্তাহে পুঁজিবাজারে দরপতন হয়। গত বৃহস্পতিবার ডিএসইতে সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে চলে আসে। এরপর রোববার শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চললেও দরপতন হয়। তবে লেনদেন বাড়ে। মঙ্গলবার স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যায়।

এ পরিস্থিতিতে বুধবার পুঁজিবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার মাধ্যমে। লেনদেন শুরুর ২৩ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ৫ পয়েন্ট কমে যায়। এরপর বাড়তে শুরু করে শেয়ারের দাম, সূচকও ঊর্ধ্বমুখী হয়। লেনদেনের ৪৭ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ৩ পয়েন্ট বেড়ে যায়।

Advertisement

সূচকের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বেশি সময় স্থায়ী হয়নি। অল্প সময়ের মধ্যেই দাম কমার তালিকায় চলে যায় বেশিরভাগ প্রতিষ্ঠান। ফলে সূচকও ঋণাত্মক হয়ে পড়ে। লেনদেনের শেষ পর্যন্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার প্রবণতা অব্যাহত থাকে। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৯২টির এবং ১৬৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৩ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ১ হাজার ৩৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৩ পয়েন্টে অবস্থান করছে।

প্রধান মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর লেনদেন হয়েছে ৩৭২ কোটি ২৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫২২ কোটি ৮৮ লাখ টাকা।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেয়া ১৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৩টির এবং ৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিন লেনদেন হয়েছে ৫ কোটি ৪ লাখ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!