ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আরেক দফা বাড়ল চিনির দাম

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ১৬:২০, ১১ মে ২০২৩
আরেক দফা বাড়ল চিনির দাম
ফাইল ফটো

খুচরা পর্যায়ে খোলা ও প্যাকেটজাত চিনির দাম কেজিতে ১৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাণিজ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুচরা পর্যায়ে প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি বিক্রি হবে ১২০ টাকা, আর পরিশোধিত প্যাকেটজাত চিনি বিক্রি হবে ১২৫ টাকা কেজি।

Advertisement

এতে আরো বলা হয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) কর্তৃক চিনির মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পর্যালোচনার ক্ষেত্রে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের আবেদন, এপ্রিল, ২০২৩ মাসের এলসি খোলা, ইনবন্ড মূল্য, আউটবন্ড মূল্য এবং অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় নিয়ে অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করা হয়। প্রাপ্ত অ্যানালাইসিস ব্যবসায়ী নেতাদের উপস্থিতিতে অংশীজন সভায় উপস্থাপন করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাজারে চিনির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা, ভোক্তার ক্রয় ক্ষমতা ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় বিটিটিসি কর্তৃক প্রতি কেজি পরিশোধিত চিনি (খোলা) মিলগেট মূল্য ১১৫ টাকা, পরিবেশক মূল্য ১১৭ টাকা এবং খুচরা মূল্য ১২০ টাকা এবং প্রতি কেজি পরিশোধিত চিনি (প্যাকেট) মিলগেট ১১৯ টাকা, পরিবেশক মূল্য ১২১ টাকা এবং খুচরা মূল্য ১২৫ টাকা নির্ধারণ করার বিষয়ে সুপারিশ করা হয়। 

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে চিনির মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বিবেচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন কর্তৃক ১৫ দিন অন্তর অন্তর মূল্য সমন্বয়ের সুপারিশ করা হয়েছে।

এ অবস্থায়, প্রতি কেজি পরিশোধিত চিনি (খোলা) মিলগেট মূল্য ১১৫ টাকা, পরিবেশক মূল্য ১১৭ টাকা ও খুচরা মূল্য ১২০ টাকা এবং প্রতি কেজি পরিশোধিত চিনি (প্যাকেট) মিলগেট ১১৯ টাকা, পরিবেশক মূল্য ১২১ টাকা ও খুচরা মূল্য ১২৫ টাকা নির্ধারণপূর্বক বিক্রয় নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!