ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সোনার ব্যাপক দরপতন, আরো কমবে

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ১৫:২৯, ১৫ এপ্রিল ২০২৩
সোনার ব্যাপক দরপতন, আরো কমবে
ফাইল ফটো

আন্তর্জাতিক বাজারে বাড়তে বাড়তে ১ বছরের মধ্যে সর্বোচ্চে উঠেছিল সোনার দাম।  তবে শুক্রবার হঠাৎ ব্যাপক দরপতন ঘটেছে। আগামী কয়েকদিনে সোনার দাম আরো কমবে বলেও ধারণা বাজার বিশ্লেষকদের।

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, আরেক দফা সুদের হার বাড়াতে যাচ্ছে ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে ডলারের দর বেড়েছে। ফলে সোনার দাম কমেছে।

কার্যদিবস শেষে আন্তর্জাতিক বেঞ্চমার্ক সোনার স্পট মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৬৯ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০০৫ ডলার ৩৫ সেন্টে। দিনের শুরুতে যা ছিল ২০৩৩ ডলার ৯০ সেন্ট।

Advertisement

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার সরবরাহ মূল্য কমেছে ১ দশমিক ৯ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০১৫ ডলার ৮০ সেন্টে। কর্মদিবসের সূচনাতে তা ছিল ২০৪৭ ডলার ৬০ সেন্ট।

গোটা সপ্তাহ ধরে ডলারের দাম কমছিল। কমতে কমতে ১ বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছিল। তবে আকস্মিক তা ঘুরে দাঁড়িয়েছে। কারণ, ফেড কর্মকর্তারা সতর্ক করেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশে দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদহার বাড়িয়ে যেতে হবে।

রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয়ে নিরাপদ আশ্রয় হিসেবে ডলারের সঙ্গে প্রতিযোগিতা করে সোনা। ফলে একটির দর ঊর্ধ্বমুখী হলে আরেকটির কমে যায়। বিশেষ করে মার্কিন মুদ্রার দাম বাড়লে বিদেশি ক্রেতাদের কাছে আকর্ষণ হারায় বুলিয়ন।

আগামী মে মাসে ২৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়াতে পারে ফেড। এখন সেই সম্ভাবনা ৮০ শতাংশের ওপরে। চলতি সপ্তাহের শুরুতে যা ছিল ৭০ শতাংশ।

আরজেও ফিউচার্সের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ ড্যানিয়েল প্যাভিলোনিস বলেন, আগামী কয়েকদিনে সোনার দাম আরো কমবে। কারণ, কিছুদিন পরই সুদহার বাড়াবে ফেড। তাতে বুলিয়ন মার্কেটে ‘ব্ল্যাকআউট পিরিয়ড’ চলবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!