অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা জামানত ছাড়াই পাবেন ঋণ
অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা কোনো ধরণের জামানত ছাড়াই পাবেন সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ। যাদের দৈনিক আয় ৩ থেকে ৫শ’ টাকার মধ্যে, তাদের প্রণোদনা প্যাকেজের আওতায় এই ঋণ দেয়া হবে। এতে সুদের হার মাত্র ৪ শতাংশ।
বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংক করোনা পরিস্থিতিতে ব্যবসা উদ্যোগ টিকিয়ে রাখতে স্বল্পসুদে ঋণ দেয়ার এমন সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ব্যাংকটি এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, এই ঋণের আওতায় যারা ডাব বিক্রি করেন, ফল বিক্রি করেন তারাও আছেন। আবার যারা ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যান্য সবজি বিক্রি করেন, তারাও আছেন। অর্থাৎ যাদের পুঁজির পরিমাণ হচ্ছে ২০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে।
জানা গেছে, আইএফআইসি ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ বাংলাদেশ দোকান মালিক সমিতির সদস্যদের ঋণ পেতে ১০০ টাকার বিনিময়ে ব্যাংক হিসাব খুলতে হবে। হিসাব খোলা হয়ে গেলে ব্যবসায়ীদের চেক বই সরবরাহ করা হবে। পরবর্তীতে চেক বইয়ের পাতায় জমা রেখে ঋণ দেয়া হবে।
আইএফআইসি ব্যাংক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে জামালপুর ও শেরপুর জেলার অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেয়া হবে। এরপর দোকান মালিক সমিতির তালিকা অনুসারে পর্যায়ক্রমে সারাদেশের অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা এ ঋণ পাবেন।
ঋণ প্রসঙ্গে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাসান বলেন, মাত্র ১০০ টাকা দিয়ে সদস্য হয়ে এই ঋণ নিতে পারবেন। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা করা। তাই আমরা সর্বোচ্চ ৫০ হাজার টাকা বিনা জামানতে ঋণ দেয়ার এই কর্মসূচি শুরু করতে যাচ্ছি।