পেঁয়াজের বাজারে বিক্রেতাদের হাহাকার
পেঁয়াজের বাজারে এখন ক্রেতা নেই। তাই হাহাকার করছেন বিক্রেতারা। হঠাৎ দাম বাড়িয়ে ব্যবসায়ীরা যে নৈরাজ্য সৃষ্টি করেছিলেন, তাদের জন্য এটা একটা কঠিন জবাব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কারওয়ান বাজারে পেঁয়াজের আড়তে গিয়ে দেখা গেছে, বিক্রেতা আর শ্রমিক ছাড়া ক্রেতার সংখ্যা হাতে গোনা। স্বাভাবিক সময়ে যে বেচাবিক্রি হয়, গতকাল ছিল তার চেয়ে অনেক কম।
বাজারের লাকসাম বাণিজ্যালয়ের ব্যবসায়ী মো. হাবিবুর রহমান অনেকটা আক্ষেপ করেই জানালেন, ক্রেতা নেই বললেই চলে।
তিনি জানান, তিনদিন আগেও সাত-আট মেট্রিক টন পেঁয়াজ বিক্রি করতে পেরেছেন তারা। গতকাল তা এক টনের নিচে নেমেছে।
শ্যামবাজারের রাজ ট্রেডার্সের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, আমদানি প্রচুর, কিন্তু বেচাবিক্রি একেবারেই কম। আজ আমার কাছে থাকা ২০০ বস্তা পেঁয়াজ বিক্রি করেছি। অনেকের আরো কম। অথচ স্বাভাবিক সময়ে ৫০০ বস্তার ওপরে বিক্রি হয়।
মালিবাগ বাজারে আসা ক্রেতা শেখ মো. আব্দুল্লাহ বলেন, দাম বেড়ে যাওয়ার প্রতিবাদে অনেকে পেঁয়াজ কেনা বন্ধ করে দিয়েছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও অনেকে পেঁয়াজ না কেনার ঘোষণা দিয়েছে।
তিনি আরো বলেন, এটা অতি মুনাফাখোর ব্যবসায়ীদের গালে চরম একটা চপেটাঘাত হয়েছে। গত বছরও তারা এমন নৈরাজ্য তৈরি করেছিল, কিন্তু এবার আর সেই সুযোগ খুব পায়নি। এর পেছনে অবশ্য সরকারি কিছু উদ্যোগ রয়েছে।