ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ জনের প্রাণ গেলো।
বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
.png)
এতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, ঢাকা বিভাগে ২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন, খুলনা বিভাগে ২৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন আছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি একজন নারী।
একই সময়ে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ১৬১ জন হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে মারা গেছেন ১৯ জন। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৯ জন নারী।