ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৫৩৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২২, ১৮ জুলাই ২০২৩
ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১৫৩৩
ছবি: ডেইলি বাংলাদেশ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজারে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৭৭৯ জন ঢাকায় চিকিৎসাধীন। বাকি ৭৫৪ জন রাজধানীর বাইরে চিকিৎসা নিচ্ছেন। 

Advertisement

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৫ হাজার ৫৬৯ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিন হাজার ৪৪৩ জন। এছাড়া ঢাকার বাইরে ২ হাজার ১২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের প্রথমদিন (১ জানুয়ারি) থেকে ১৮ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৪ হাজার রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৮ হাজার ৩০৪ জন। আর চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১২৭ জন।

২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। ঐ সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। ২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ঐ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরমধ্যে গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!