মাদরাসাছাত্রীকে হত্যাচেষ্টা মামলার এজহার পরিবর্তন
ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলার এজহার পরিবর্তন করে অধ্যক্ষসহ আটজনের নামে মামলা করা হয়েছে। তাদের সঙ্গে আসামি রাখা হয়েছে বোরকা পরিহিত অজ্ঞাতনামা চার জন ও তাদের সহযোগীদের।
সোমবার রাতে মামলাটির এজহার পরিবর্তন করা হয়। মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদদৌলা ২৭ মার্চ থেকে জেলহাজতে রয়েছে। এর আগে এ ঘটনায় জড়িত সন্দেহে সাত জনকে আটক করে পুলিশ।
এজহারনামীয় আসামিরা হলেন- অধ্যক্ষ এসএম সিরাজ উদদৌলা, পৌর কাউন্সিলর মকসুদুল আলম, প্রভাষক আবছার উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, প্রাক্তন ছাত্র নুর উদ্দিন, জাবেদ হোসেন, জোবায়ের আহম্মদ ও হাফেজ আবদুল কাদের।
মামলার বাদী ওই শিক্ষার্থীর ভাই মাহমুদুল হাসান নোমান এজাহারে উল্লেখ করেন, অধ্যক্ষ সিরাজ উদদৌলার নির্দেশে উল্লেখিত আসামিরা পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে তার বোনকে হত্যার উদ্দেশ্যে তার গায়ে আগুন ধরিয়ে দেয়।
সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আট জনের নাম উল্লেখ করে ও বোরকা পরিহিত চার জনসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে মামলা মামলা দায়ের করেন ওই শিক্ষার্থীর ভাই।
ডেইলি বাংলাদেশ/এমআর