ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বেকারি :জরিমানা ২৫ হাজার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৫, ২৬ অক্টোবর ২০২৬
গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বেকারি :জরিমানা ২৫ হাজার
গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বেকারি পরিচালনা করায় ২৫ হাজার টাকা জরিমানা । ছবি : ডেইলী বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় ভোগ্যপণ্যের মান নিশ্চিত করতে পরিচালিত যৌথ অভিযানে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে ‘রাজধানী বেকারি’ নামে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানা অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ সময় খাদ্যদ্রব্য প্রস্তুতে ব্যবহৃত বিভিন্ন অবৈধ উপাদান বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোগ্যপণ্যের মান নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে দৌলতদিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া বেকারি কার্যক্রম পরিচালনার বিষয়টি শনাক্ত হয়। পরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর ৩১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি খাদ্যদ্রব্য তৈরিতে ব্যবহৃত অবৈধ বিভিন্ন উপাদান বিধি মোতাবেক ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, “বেকারিটিতে খাদ্যপণ্য তৈরির পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন বলে আমরা দেখতে পেয়েছি। সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার যথাযথ ব্যবস্থা ছিল না। এ ধরনের পরিবেশে তৈরি খাবার খেয়ে শিশুদেরসহ সাধারণ ভোক্তাদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভোগ্যপণ্যের মান নিশ্চিত করা, ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!