ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সৌদি আরব ও লিবিয়ায় প্রাণ গেল হবিগঞ্জের দুই প্রবাসীর

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরব ও লিবিয়ায় প্রাণ গেল হবিগঞ্জের দুই প্রবাসীর
ছবি: সংগৃহীত

জীবিকার সন্ধানে সৌদি আরবে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের যুবক জসিম উদ্দিন (২৫)। অন্যদিকে, ইউরোপে যাওয়ার আশায় লিবিয়ায় গিয়ে কারাবন্দি হওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নবীগঞ্জের মতব্বির হোসেন (৪৫)। দুই প্রবাসীর মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে সৌদি আরবের দাম্মাম-জুবেল অঞ্চলে সড়ক দুর্ঘটনায় জসিমের মৃত্যু হয়। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান জসিম। দুর্ঘটনার দিন কর্মস্থল থেকে ফেরার পথে দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৌদি আরবে থাকা জসিমের স্বজন ও সহকর্মীরা তার মৃত্যুর খবর দেশে পরিবারের সদস্যদের জানান। উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনেরা।

প্রতিবেশীরা জানান, দুই ভাই ও দুই বোনের মধ্যে জসিম ছিলেন সবার ছোট। শান্ত স্বভাবের ও পরিশ্রমী এই যুবক পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় প্রবাসে গিয়েছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীরা শোকাহত।

জসিমের চাচাতো ভাই সৌদি প্রবাসী রাজু ও শিপন জানান, প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছে পরিবার ও এলাকাবাসী।

অন্যদিকে, লিবিয়ায় মারা যাওয়া মতব্বির হোসেন নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা গ্রামের মৃত আওর বকতের ছেলে। গত মঙ্গলবার (২০ অক্টোবর) দেশটির আলফা মিথিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মতব্বিরের চাচাতো ভাই ও ছোট বোনের স্বামী স্থানীয় সাংবাদিক আবু তালেব জানান, ইউরোপের গ্রিসে যাওয়ার আশায় লিবিয়ায় অবস্থান করছিলেন মতব্বির। একপর্যায়ে তিনি দেশটির গানপুদা কারাগারে আটক হন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে আলফা মিথিন হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সৌদি আরব ও লিবিয়ায় দুই প্রবাসীর মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের সদস্যদের মধ্যে শোক বিরাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!