ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুর্গোৎসব শেষে পাহাড় পরিচ্ছন্নতায় তরুণদের উদ্যোগ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ২২ অক্টোবর ২০২৬
দুর্গোৎসব শেষে পাহাড় পরিচ্ছন্নতায় তরুণদের উদ্যোগ
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্গোৎসবের পর মণ্ডপ ও আশপাশের এলাকা পরিষ্কারে নেমেছেন একদল তরুণ-তরুণী। উৎসব শেষে ফেলে যাওয়া প্লাস্টিক, ফুলের মালা ও অন্যান্য বর্জ্য অপসারণে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সামাজিক সংগঠন ‘ইউথ অরিজিন ফাউন্ডেশন, ক্লিন হিলস গ্রিন ফিউচার’। পাহাড়ি পরিবেশ সুরক্ষায় তাদের এ উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মাটিরাঙ্গার ব্যাঙ্গমারা, নতুনপাড়া, কালী মন্দির ও বলিটিলা পূজামণ্ডপ এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

সংগঠনটির স্বেচ্ছাসেবীরা মাস্ক ও গ্লাভস পরে উৎসব-পরবর্তী বর্জ্য সংগ্রহ করেন। পরে এসব বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা হয়। অপচনশীল কিছু বর্জ্যও নিরাপদ উপায়ে অপসারণের উদ্যোগ নেওয়া হয়।

পরিবেশসংশ্লিষ্টদের মতে, উৎসবের পর পড়ে থাকা প্লাস্টিক ও অন্যান্য অপচনশীল বর্জ্য পাহাড়ি পরিবেশের জন্য ক্ষতিকর। বৃষ্টির পানির সঙ্গে এসব বর্জ্য ছড়া ও ঝিরিতে গিয়ে পড়লে প্রাকৃতিক জলপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হতে পারে। পাহাড়ি জনপদে নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনার সুযোগ সীমিত হওয়ায় এ ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংগঠনটি ২০২৩ সালে সীমিত পরিসরে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাতা বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম পরিচালনায় যুক্ত রয়েছেন উপদেষ্টা ভাসুরি ত্রিপুরা, সদস্য কর্ণজ্যোতি ত্রিপুরা এবং নির্বাহী সদস্য বেবি মারমা, টুটুল ত্রিপুরা, অনিতা ত্রিপুরা ও রতন মণিসহ অনেকে।

প্রায় ২০ জন স্বেচ্ছাসেবী নিয়ে গঠিত সংগঠনটি পরিবেশ পরিচ্ছন্নতার পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও অংশ নেয়। ত্রিপুরা ও মারমাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর তরুণদের সম্মিলিত অংশগ্রহণ পাহাড়ি জনপদে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত তুলে ধরছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা বিপ্লব ত্রিপুরা বলেন, “উৎসবের আনন্দ সবাই ভাগ করে নেয়, কিন্তু উৎসবের পর জমে থাকা বর্জ্য পাহাড়ের প্রকৃতির জন্য ক্ষতিকর। তাই আমরা তরুণরা এগিয়ে এসেছি। আমরা চাই পাহাড় পরিচ্ছন্ন থাকুক, আগামী প্রজন্ম একটি সবুজ পাহাড় পাক। সবাই সচেতন হলে এ কাজ আরও সহজ হবে।”

উৎসবের আনন্দের পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্ববোধ থেকে নেওয়া তরুণদের এ উদ্যোগ অন্যদেরও পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহিত করছে। ‘ক্লিন হিলস, গ্রিন ফিউচার’ বা পরিচ্ছন্ন পাহাড়, সবুজ ভবিষ্যৎ স্লোগানকে ধারণ করে সংগঠনটির সদস্যরা পাহাড়ের পরিবেশ রক্ষায় কাজ করে যেতে চান।

ডেইলি-বাংলাদেশ/মাটিরাঙ্গা/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!